সারাদেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে একটি প্রতিবাদ মিছিল অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় অ্যাকাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান, ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, দেশের কয়েকটি জেলায় নাশকতা, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে। তিনি বলেন, বিগত ১৭ বছরে দেশে মামলা, হামলা, খুন ও গুমের মতো ঘটনা ঘটেছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছিল। এভাবে নির্বাচনব্যবস্থাকে প্রহসনে পরিণত করা হয়েছিল এবং গণতন্ত্রের নামে প্রহসনমূলক নির্বাচন ও উন্নয়নের নামে দুর্নীতির সংস্কৃতি চালু করা হয়েছিল।

তিনি আরও বলেন, আমাদের নিজেদের, পরিবার ও সর্বোপরি দেশকে ভালোবাসতে হবে। দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের ঘোষিত মূলমন্ত্র ‘সবার আগে বাংলাদেশ’। এখানে কোনো দল বা গোষ্ঠীর স্বার্থের কথা বলা হয়নি; বরং দল-মতনির্বিশেষে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

তাই সন্ত্রাসী কর্মকাণ্ড, অগ্নিসংযোগ, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা আর পিছিয়ে যেতে চাই না; উন্নয়ন, গণতন্ত্র ও মানবতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই।
প্রতিবাদ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।