উত্তরের জনপদে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। রাতের শেষ ভাগ থেকে ভোর পর্যন্ত বাড়ছে ঠান্ডার অনুভূতি। কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশার। দিনের বেলায় রোদের উষ্ণতায় আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নামতেই কমতে শুরু করছে তাপমাত্রা। আবহাওয়ার এই পরিবর্তনে বদলে যাচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাত্রা। তবে শীতের এই আগমনী বার্তা সবার জন্য স্বস্তির নয়; বরং জীবিকার তাগিদে ভোরে ঘর থেকে বের হওয়া শ্রমজীবী মানুষ ও খোলা আকাশের নিচে রাত কাটানো ছিন্নমূল মানুষের জন্য তা নিয়ে আসছে দুর্ভোগের শঙ্কা।
বিশেষ করে অটোরিকশাচালক, দিনমজুর, কৃষিশ্রমিক ও নিম্নআয়ের মানুষের কাছে শীত মানেই বাড়তি কষ্টের আশঙ্কা। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে শীতের তীব্রতা বাড়লে তাদের দুর্ভোগ আরও বাড়বে। তাই আগাম শীত মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি অসহায় মানুষের জন্য সময়মতো শীতবস্ত্র বিতরণের দাবি উঠেছে।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বলেন, ভোরের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করেছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্যের কারণে ভোরের দিকে কুয়াশা দেখা দিচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা ও নিষ্ক্রিয়তার পরিবর্তনও আবহাওয়ার ওপর প্রভাব ফেলছে। দীর্ঘ সময় আকাশ মেঘাচ্ছন্ন থাকার পর মেঘ সরে গেলে ভোরের দিকে কুয়াশা তৈরি হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে রংপুর অঞ্চলের কোথাও কোথাও হালকা শীত অনুভূত হতে পারে। পাশাপাশি বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।
সাধারণত ডিসেম্বর ও জানুয়ারি মাসে রংপুরসহ উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকে। এ সময় তাপমাত্রা আরও কমে যাওয়ার পাশাপাশি শৈত্যপ্রবাহের প্রভাব দেখা দিতে পারে। ফলে আগাম শীতের প্রস্তুতি নিয়ে ভাবতে শুরু করেছেন নিম্নআয়ের মানুষ।
শীতের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে খেটে খাওয়া মানুষের জীবনে। জীবিকার তাগিদে ভোরেই অটোরিকশা নিয়ে রাস্তায় বের হতে হয় চালকদের। অটোরিকশাচালক বাবুল মিয়া (৪৮) বলেন, “এ্যালা কদিন থাকি সকাল আর রাইতে বেশ ঠান্ডা পড়তেছে। ভোরবেলা অটো নিয়া বাইর হইলে ঠান্ডায় হাত-পা অবশ হয়া যায়। তবুও পেটের দায়ে অটো নিয়া বাইর হইতে হয়। শীত যত বাড়বে, হামার মতো গরিব মানুষের কষ্টও তত বাড়বে।
এদিকে শীতের আগমনে গ্রামাঞ্চলে শুরু হয়েছে পিঠাপুলির আয়োজন। খেজুরের রস, ভাপা পিঠা, চিতই পিঠা ও পাটিসাপটার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। ভোরের কুয়াশায় ঢেকে যাচ্ছে গ্রামের মাঠঘাট ও ফসলের ক্ষেত। প্রকৃতিতে ফিরছে শীতের চেনা রূপ। কিন্তু এই ঋতুর সৌন্দর্যের আড়ালেই বাড়ছে অসহায় মানুষের শীতের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি।
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শিশু, বয়স্ক ও শ্বাসকষ্টে ভোগা মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর পক্ষে পর্যাপ্ত গরম কাপড়ের ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে রেলস্টেশন, ফুটপাত, বাজারের বারান্দা কিংবা খোলা জায়গায় রাত কাটানো ছিন্নমূল মানুষের জন্য শীত হয়ে ওঠে আরও নির্মম।
রংপুরের বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম জানিয়েছেন, বিভাগের প্রতিটি উপজেলায় পর্যাপ্ত শীতবস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে হতদরিদ্র, ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হবে।
তবে শীতবস্ত্র বিতরণ শুধু কম্বলের মধ্যে সীমাবদ্ধ না রেখে নারী, শিশু ও শ্রমজীবী মানুষের প্রয়োজন অনুযায়ী গরম পোশাক দেওয়ার আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর রংপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ খন্দকার ফখরুল আনাম বেঞ্জু।
তিনি বলেন, রংপুর অঞ্চলে অনেক মানুষ রাস্তাঘাট, ফুটপাত, রেলস্টেশন ও বাজারের বারান্দায় রাত কাটান। শীতের সময় এসব ছিন্নমূল মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি হয়। প্রতিবছর সরকারিভাবে কম্বল বিতরণ করা হলেও এবার কম্বলের পাশাপাশি গায়ে দেওয়ার মতো গরম কাপড়ের ব্যবস্থাও করা প্রয়োজন।
তিনি আরও বলেন, নারী ও শিশুদের জন্য আলাদা করে উপযোগী শীতবস্ত্র দেওয়া উচিত। শিশুদের জন্য গরম পোশাক, নারীদের জন্য সোয়েটার বা জ্যাকেট এবং বাইরে কাজ করা পুরুষদের জন্য প্রয়োজনীয় শীতবস্ত্রের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি দরিদ্র পরিবারপ্রতি অন্তত দুটি করে কম্বল বরাদ্দ দেওয়ার বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন।
শীতবস্ত্র বিতরণে সুষ্ঠু ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, রংপুর অঞ্চলে কতসংখ্যক ছিন্নমূল ও ভাসমান মানুষ রয়েছেন, তার একটি তালিকা তৈরি করা দরকার। সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি<
…