যশোরে চৌগাছায় মেয়েকে আনতে গিয়ে জামাইয়ের হামলায় মোতলেব হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার ১৭ নভেম্বর সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত মোতলেব হোসেন চৌগাছা উপজেলার ইলিশমারি গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে জামাইয়ের বাড়িতে মেয়েকে আনতে যান মোতলেব হোসেন। এ সময় জামাই আনোয়ার হোসেনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আনোয়ার মেহগনিগাছের ডাল দিয়ে শ্বশুরের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়দের সহায়তায় মেয়ে তাঁকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম শিকদার জানান, মেয়ের স্বামীর হামলায় গুরুতর আহত মোতলেব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।