রংপুর নগরীতে একটি ক্যাডেট কোচিং সেন্টারের গ্যারেজে পার্কিং করে রাখা শিক্ষার্থী পরিবহনের একটি মিনিবাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। বাসটি পুড়িয়ে দেওয়ায় কোচিং সেন্টারের প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থীর যাতায়াত ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আজ বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে নগরীর পর্যটন মোড় এলাকায় পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের পার্কিং স্থানে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনের তীব্রতায় বাসটির ইঞ্জিন, আসনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে গিয়েছিল। প্রাথমিকভাবে আগুন লাগানোর ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি।

কোচিং সেন্টারের পরিচালক নাহিদ ইকবাল মাসুম বলেন, তিনি ২২ বছর ধরে রংপুর শহরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের কথা চিন্তা করে নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে ২৮ আসনের বাসটি কিনেছিলেন। বাসটির মাধ্যমে প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত।

তিনি বলেন, মঙ্গলবার শিক্ষার্থীদের পরিবহন শেষে প্রতিদিনের মতো বাসটি কোচিং সেন্টারের সামনে নির্ধারিত গ্যারেজে রাখা হয়। রাতে সবাই স্বাভাবিকভাবে যার যার কাজে চলে যান। ভোররাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন, তাঁর দীর্ঘদিনের পরিশ্রমে কেনা বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

নাহিদ ইকবাল মাসুম বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অনেক কষ্টে বাসটি কিনেছিলেন। বাসটি পুড়িয়ে দেওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা বুঝতে পারছেন না। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বাসচালক আখতার হোসেন বলেন, গত ১৪ নভেম্বর রংপুর শিল্পকলা একাডেমিতে লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নামিয়ে বাসটি কোচিং সেন্টারের সামনে পার্কিং করা হয়েছিল। মঙ্গলবারও শিক্ষার্থীদের পরিবহন শেষে একই স্থানে বাসটি রাখা হয়। বুধবার ভোররাতে আগুন লাগার খবর পেয়ে সেখানে গিয়ে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যেতে দেখেন তিনি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাসটি চালাচ্ছেন। এভাবে বাসটি পুড়িয়ে দেওয়ার ঘটনায় তিনি হতবাক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কোচিং সেন্টারের শিক্ষক শিপন মিয়া বলেন, তাঁর বাসা কোচিং সেন্টারের পাশে। ভোররাতে চিৎকার ও হৈচৈ শুনে ঘর থেকে বের হয়ে বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটির প্রায় পুরো অংশ পুড়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে পাশের একটি মাদ্রাসার শিক্ষক এনামুল হক বলেন, গভীর রাতে মাদ্রাসার পাশ থেকে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পান তিনি। পরে বাইরে এসে বাসটি লুমিনাস ক্যাডেট কোচিং সেন্টারের বলে শনাক্ত করেন। তবে কারা আগুন দিয়েছে, তা তিনি দেখতে পাননি।

রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতার ঘটনার ধারাবাহিকতায় এ ঘটনা ঘটানো হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখনো এ ঘটনায় কোনো মামলা হয়নি। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।