ঝিনাইদহ শহরের কাঞ্চননগর বাবর আলী মোড় এলাকায় সন্তানের খোরপোশের টাকা নিয়ে বিরোধের জেরে সুমাইয়া আক্তার সোমা (২৬) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাবেক স্বামী এনামুল হক মেরাজকে আটক করেছে পুলিশ।

নিহত সোমা সদর উপজেলার কাঞ্চননগর এলাকার সেকেন্দার আলীর মেয়ে। পারিবারিক বিরোধের জেরে ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের ছয় বছর বয়সী একটি সন্তান রয়েছে। আদালতের নির্দেশে সন্তানের ভরণপোষণের টাকা দেওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

বুধবার সকালে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে বাবর আলী মোড় এলাকায় সাবেক স্বামী মেরাজের হামলার শিকার হন সোমা। এ সময় ইট দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকা- ঘটেছে।

ঘটনার পরপরই অভিযুক্ত মেরাজকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।