নবান্ন উৎসবকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ওমরপুর, রনবাঘা, পুন্ডিতপুকুর, হাটকড়ই ও ধুন্দার বাজারসহ বিভিন্ন এলাকায় বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। শ্বশুরবাড়িতে বড় মাছ নিয়ে যাওয়ার প্রাচীন রেওয়াজ থাকায় সকাল থেকেই ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যায়। একদিনেই এসব মেলায় প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মাছ কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা। মেলায় দূরদূরান্ত থেকে বিক্রেতারা কাতলা, বোয়াল, রুই, চিতলসহ বড় আকারের মাছ নিয়ে আসেন। এবার ১২ থেকে ১৪ কেজি ওজনের বোয়াল, ১০ থেকে ১৫ কেজি ওজনের কাতলা, রুই ও চিতল মাছ ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। মেলায় সুন্দর করে থরে থরে সাজানো কাতলা, চিতল, সিলভার কার্প, রুই, ব্রিগেড, বাঘাআইড়, বোয়ালসহ হরেক রকমের মাছ। সারি সারি দোকান।

চলছে হাঁকডাক, দরদাম। দুই কেজি থেকে শুরু করে ১৫ কেজি ওজনের মাছ আছে এখানে। লোকজনও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন এসব মাছ। অনেকেই আবার এসেছেন কেবল মাছ দেখতে। জানাগেছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবের পঞ্জিকা অনুসারে ১লা অগ্রহায়ণের এইদিনে প্রতিবছর নবান্ন উৎসব পালন করা হয়। এ উৎসবকে ঘিরে উপজেলার বিভিন্ন এলাকার জেলে, মাছ খামারি ও ব্যবসায়ীরা নিজেদের প্রস্তুত করা মাছ নিয়ে হাজির হন মেলায়। উৎসব উপলক্ষে প্রতিটি বাড়িতে মেয়ে-জামাইসহ স্বজনদের দাওয়াত দেওয়া হয়। ৯০০ থেকে ১২শ টাকা কেজি দরে বোয়াল মাছ বিক্রি হচ্ছে। ২৪০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিগহেড ও সিলভার কার্প মাছ বিক্রি হচ্ছে।

রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ১৪০০ টাকা কেজি দরে। চিতল মাছ ওজন ভেদে ৮০০ থেকে ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও আইড় ১০০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। মেলায় শীতকালীন সবজির আমদানি ছিল উল্লেখযোগ্য। প্রতিবারের মতো এবারের মেলাতেও ক্রেতা উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্রেতা-বিক্রেতারা জানান, মাছের দাম আগের তুলনায় স্বাভাবিক রয়েছে। মাছ কিনতে আসা হাটুয়া আলাইপুরের কিরণ সরকার বলেন, যুগ যুগ ধরে অগ্রহায়ণ মাসের এই দিনে মাছের মেলা বসে। দিন যতই যাচ্ছে, মেলার ঐতিহ্য ততই বাড়ছে।

আরেক ক্রেতা ইন্দ্রজিত সরকার বলেন, মাছের সরবরাহ খুব ভালো। দাম কিছুটা বেশি মনে হলেও প্রয়োজনীয় সব ধরনের মাছ পাওয়া যাচ্ছে। নন্দীগ্রাম কলেজপাড়ার ক্রেতা সবুজ কুমার বলেন, আমাদের পূর্বপুরুষরা নবান্নে নতুন চাল খেয়ে বড় মাছ রান্না করতেন। আমরা এখনও সেই প্রথা পালন করছি। মাছের পাশাপাশি পিঠাপুলির আয়োজনও থাকে। প্রবীণ মাছ বিক্রেতা হোসাইন জানান, মেলায় প্রায় শতাধিক মাছের দোকান বসেছে। প্রতিটি দোকানেই ৩০ থেকে ৪০ মণ করে মাছ বিক্রি হয়েছে। বিক্রেতা মিন্টু মিয়া বলেন, নবান্ন উৎসবকে কেন্দ্র করেই বড় মাছ আনা হয়। ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মাছের দাম নির্ধারণ করা হয়।