কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত জেলা যুবদল। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলা সদর রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নবগঠিত জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকান্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকতে হবে।
সমাবেশ বক্তারা বলেন, পতিত সৈরাচারি, শিশু হত্যাকারি আওয়ামী লীগ ও তাদের দোষর যুবলীগ, ছাত্রলীগ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে এই অপশক্তিকে রাজপথে কঠোর ভাবে মোকাবেলা করা হবে। ককটেল ফুটিয়ে, আগুন জ্বালিয়ে নৈরাজ্য সৃষ্টির কঠোর জবাব দেওয়া হবে। বিগত ষোল বছরের অপকর্ম ও বর্তমানে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিচার করা হবে। ষড়যন্ত্রকারীদের শিকর উপরে ফেলা হবে। ২৪-এর গণঅভ্যূত্থানে পরাজিত শক্তিকে পুনরায় এদেশের মানুষকে হয়রানি নির্যাতন লুটপাট করার সুযোগ দেওয়া হবে না।
স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য দের হাজার মানুষকে হত্যা করেছে যার মধ্যে ঘরের মধ্যে মায়ের কোলে থাকা শিশুও ছিল। এই শিশু হত্যাকারি মানবতা বিরোধীদের অবশ্যই বিচার করতে হবে। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা’ এবং ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন শ্লোগান দেন। এ সময় ভোলা সদরসহ বিভিন্ন উপজেলার যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ।
এছাড়াও নবগঠিত জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের আহবায়ক আবদুল লতিফ টিটু, সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনুল হক মাসুম, সদস্য সচিব বেলাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক রিয়াদ হাওলাদার, সদস্য সচিব সগির আহমেদসহ ভোলা সদর উপজেলা, পৌরসভা, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন উপজেলা, পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ।
এদিকে ভোলা জেলা যুবদলের নবগঠিত কমিটি ঘোষণা করায় বিএনপির চেয়ারপার্সন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নে, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক রাইসুল আলমকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করে যুবদলের নেতৃবৃন্দ। এর আগে নবগঠিত ভোলা জেলা যুবদলের কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতা-কর্মীরা। মিছিলটি ভোলা সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুনবাজার, সরকারি স্কুল মোড়, কালিনাথ বাজার হয়ে পুনরায় জেলা যুবদলের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।