সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) লকডাউন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে তৈরি করা ব্যানারটি দুই ব্যক্তি বিএনপি কার্যালয়ে টানিয়ে দেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুক আইডিতে পোস্ট করেন সিরাজগঞ্জ পৌর ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সাধারণ সম্পাদক আলামিন সরকার হিমেল। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে গভীর রাতে করা এই ঘটনাটিকে ‘চোরের কারবার’ বলে মন্তব্য করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। এমনকি এই বিষয় নিয়ে চিন্তিত বা বিচলিত নয় দলটি।

বুধবার সকাল থেকে ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রাতের আঁধারে দুই ব্যক্তি সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার টানাচ্ছেন। জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, রাত ৮টা পর্যন্ত তারা দলীয় কার্যালয়ে বিভিন্ন সাংগঠনিক কাজ করেছেন। পরে নিজ নিজ বাসায় চলে যান। কার্যালয় দেখাশোনার জন্য একজন পিয়ন দায়িত্বে থাকেন। রাতে তিনি ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে কেউ চোরের মতো এসে ব্যানার টানিয়ে ভিডিও করেছে।

তিনি আরও বলেন, রাত সাড়ে ৩টার সময় মানুষ ঘুমায়। এ সময়ে কেউ ব্যানার টানিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে সেটি রাজনীতির মধ্যে পড়ে না। রাজনীতি করতে হলে ময়দানে করতে হবে। ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এ ঘটনায় সিরাজগঞ্জ জেলা বিএনপি চিন্তিত বা বিচলিত নয়। এটি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কাজ।