মাগুরার মহম্মদপুরে নিখোঁজের দুই দিন পর আট মাস বয়সী শিশু রাসমিকা চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বালিদিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর উত্তরপাড়া এলাকার একটি পারিবারিক পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা নন্দিতা চক্রবর্তীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
নিহত রাসমিকা চক্রবর্তী মহম্মদপুর উপজেলা সদরের বাজার রাধানগর এলাকার ব্যবসায়ী সমীর কুমার চক্রবর্তী ওরফে কুটে ঠাকুরের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর থেকে বালিদিয়া যাওয়ার সড়কের উত্তর পাশে মৃত আব্দুস সামাদের পারিবারিক পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর আগে গত ১৬ নভেম্বর বিকেলে মেয়েকে নিয়ে শীতের কাপড় কিনতে বাড়ি থেকে বের হন নন্দিতা চক্রবর্তী। তাঁর দাবি, রাজাপুর বাজারসংলগ্ন এলাকায় অটোরিকশায় থাকা বোরকা পরিহিত দুই নারী তাঁকে অচেতন করে কোল থেকে শিশুটিকে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। জ্ঞান ফেরার পর মেয়েকে না পেয়ে কান্নাকাটি শুরু করেন তিনি।
ঘটনাটি জানাজানি হলে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে। পাশাপাশি বিভিন্ন এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়।
তবে নিখোঁজের দুই দিন পর শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে, এর আগেও এই দম্পতির আরেকটি শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনা ঘটেছিল। বর্তমান ঘটনার তদন্তে বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম শামীম আহমেদ বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
এদিকে শিশুটির মাকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও এখনো তাঁর সম্পৃক্ততা কিংবা শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর রহস্য উন্মোচিত হবে বলে জানিয়েছে পুলিশ।