যশোরে বেনাপোল স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে ঘোষণা বহির্ভূত পণ্য নেওয়ার সময় ভারতীয় একটি ট্রাক থেকে ৩২ হাজার ৪০০ পিস জিলেট ব্লেড ও রেজারের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। সম্প্রতি বন্দরের ৩ নম্বর গেটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, বন্দরের ১০ নম্বর শেডে আমদানি করা পণ্য খালাস শেষে বের হওয়ার সময় ভারতীয় একটি ট্রাকে সন্দেহজনক পণ্য দেখতে পান নিরাপত্তাকর্মীরা। পরে কাস্টমস কর্তৃপক্ষকে খবর দেওয়া হলে ট্রাকটি তল্লাশি করে পাঁচ কার্টন জিলেট ব্লেড ও রেজার পাওয়া যায়।

আমদানি ম্যানিফেস্টে ঘোষিত পণ্যের সঙ্গে জব্দ করা পণ্যের মিল না থাকায় চালানটি আটক করা হয়।বন্দর কর্তৃপক্ষের ম্যানিফেস্ট রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ট্রাকটির নম্বর ডব্লিউবি ৫৭এ-৮৫৫৪ এবং ম্যানিফেস্ট নম্বর ৬০১/২০২৬/০০১/০০৭০৫৯৭/১১। গত ১২ নভেম্বর চালানটির ম্যানিফেস্ট এন্ট্রি করা হয়। এতে পণ্যের বিবরণ দেওয়া হয়েছে ‘বোল্টিং ক্লথ অ্যান্ড আদার্স’। আমদানিকারক প্রতিষ্ঠান রুজহান এন্টারপ্রাইজ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট এস এম তারিক (প্রা.) লিমিটেড।

চালানটিতে ৩৭৬টি প্যাকেজের বিপরীতে ঘোষিত মোট ওজন ১০ হাজার ৫২ কেজি। পণ্য খালাসের জন্য নির্ধারিত ছিল বন্দরের ১০ নম্বর শেড। ম্যানিফেস্টের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর বেলা ১১টা ৪৬ মিনিটে ভারতীয় ট্রাকটি বন্দরে প্রবেশ করে। ১৫ নভেম্বর চালানটি গ্রহণের তথ্য থাকলেও ট্রাকটির বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে বের হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। ম্যানিফেস্ট প্রতিবেদনে কিছু প্যাকেজ আলগা ও ছেঁড়া থাকার বিষয়টিও উল্লেখ রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্ট এস এম তারিক প্রাইভেট লিমিটেডের মালিক মো. শাহজাহান জানান, তাঁর বাড়ি ফরিদপুরে। তাঁর লাইসেন্সে পার্টনার হিসেবে বেনাপোলের ইকরাম কাজ করেন। অতিরিক্ত পণ্য সম্পর্কে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। এ বিষয়ে তাঁর পার্টনারের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

অন্যদিকে, ইকরামুল দাবি করেছেন, জব্দ করা পণ্য তাঁদের নয়। বিষয়টি জানার পর কাস্টমস কমিশনার বরাবর লিখিতভাবে তা জানানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, অন্য একটি সিঅ্যান্ডএফ এজেন্ট চালানটি ছাড় করানোর আবেদন করলেও কাস্টমস কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি।