রাজধানীর উত্তরার একটি বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরার ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালানো হয়। পরে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাননি তিনি।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের আমলে টানা দুই মেয়াদে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। সিলেট-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
তার বিরুদ্ধে সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে একাধিক হত্যা মামলা রয়েছে। ২০২৪ সালের ২৫ আগস্ট গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে একজন নিহতের ঘটনায় নুরুল ইসলাম নাহিদকে প্রধান আসামি করে ১৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়। নিহতের স্বজন রেজাউল করিম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।
পরবর্তী সময়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আন্দোলনের সময় সংঘর্ষ ও গুলিতে নিহতের ঘটনায় তার বিরুদ্ধে আরও পাঁচটি হত্যা মামলা হয়। এসব মামলাতেও তাকে প্রধান আসামি করা হয়েছে।
এ ছাড়া দুর্নীতির অভিযোগে নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রীর সম্পদের অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০২৬ সালের ১২ অক্টোবর তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দেয় সংস্থাটি। দুদকের প্রাথমিক অনুসন্ধানে নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।