কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জয়পুরহাটে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের বাটার মোড় থেকে একটি মোটরসাইকেল শোডাউন বের করা হয়। শোডাউনটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদান, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশীদ প্রধান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহমেদ এবং আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক বাবু, মহিদুল ইসলাম খান রাজিব, রেজহাত হোসেন রনি, শাকিল আহমেদ, শাজাহান, ফজল, বশির, সাবেক ছাত্রদলের সহ-সভাপতি রাজীব এবং সাবেক দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আকাশ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের ইতিহাসে দলটির কোনো নেতা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বছরের পর বছর কারাবরণ করেছেন, তবুও দেশ ও জনগণকে ছেড়ে যাননি। বিএনপি মাটি ও মানুষের দল, তাই কোনো ষড়যন্ত্র ও অপশক্তিকে ভয় পায় না।
নেতৃবৃন্দ আরও বলেন, জয়পুরহাট একটি শান্তির শহর। এখানে কেউ জ্বালাও-পোড়াও, ভাঙচুর কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না।
সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে থাকবে।