দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে যশোরে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।বৃহস্পতিবার ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গাড়িখানা রোডে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নাশকতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় নেতাকর্মীরা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদে তাঁরা রাজপথে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করছেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, নগর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কালু, যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক শেখ হাসান ইমাম এবং নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন রাব্বিসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।