মিয়ানমারের নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার পথে হামলার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রোহিঙ্গা গণহত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণার সময় আদালত জানায়, ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত অভিযানে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল।
আদালতের প্রেসিডেন্ট বিচারক ইউজি ইওয়াসাওয়া জানান, ২০১৭ সালের ক্লিয়ারেন্স অপারেশনের আগে উত্তর রাখাইনের আট লাখের বেশি রোহিঙ্গা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন। অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। হত্যা, ধর্ষণ, যৌন সহিংসতা, গ্রাম পুড়িয়ে দেওয়া এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনাও ঘটে।
আদালত আরও জানায়, রোহিঙ্গাদের বিয়ে ও সন্তান জন্মদানের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। এসব পদক্ষেপের উদ্দেশ্য ছিল জনগোষ্ঠীটির জন্মহার কমানো। পাশাপাশি যৌন সহিংসতার মাধ্যমে তাদের বংশবিস্তারের সক্ষমতা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়।
মিয়ানমার অবশ্য শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৬ ও ২০১৭ সালের অভিযান ছিল আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাবে পরিচালিত নিরাপত্তা অভিযান।
২০১৭ সালের অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে দশ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়ে রয়েছেন।
এই রায় আন্তর্জাতিক আইনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে আদালতের নিজস্ব কোনো বাস্তবায়নকারী বাহিনী না থাকায় রায় কার্যকরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে।
বাংলাদেশের জন্যও রায়টি তাৎপর্যপূর্ণ। তবে রায় ঘোষণার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত হচ্ছে না। মিয়ানমারে নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের নিরাপদ প্রত্যাবাসন অনিশ্চিতই থেকে যাচ্ছে। তথ্যসূত্র: রয়টার্স