ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল সেন্টারে নিখুঁতভাবে আঘাত হেনেছে।

তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রয়টার্স তার তিনটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, রিয়াদের একটি আকাশচুম্বী ভবন ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ভবনে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের কার্যালয় রয়েছে।

পশ্চিমা এই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলাটি রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল সেন্টারে আঘাত হেনেছে। এই কেন্দ্রেই সৌদি আরবের রাজধানীর সবচেয়ে উঁচু ভবনটি অবস্থিত।

হামলার পর কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল সেন্টারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এলাকার সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয় এবং এলাকাটি খালি করে ফেলা হয়।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছিল, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের নাজরান অঞ্চলে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।