কৃত্তিম বুদ্ধিমত্তা-এআইয়ের ওপর ভিত্তি করে শিক্ষার নতুন এক প্রজন্ম গড়ে উঠছে এবং সরকার এ বিষয়ে অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে দেশের শ্রেণিকক্ষকে মাল্টিমিডিয়া ও তথ্য-প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার পরিকল্পনা করা হচ্ছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টস-এর সেমিনার ও বার্ষিক সভার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘দেশবিদেশের শিক্ষাবিদদের অংশগ্রহণে এই আলোচনা ফলপ্রসূ হবে এবং দেশের শিক্ষা খাতের উন্নয়নে সহায়ক হবে।
এ সময় মন্ত্রী জানান, পূর্ববর্তী বাজেটের তুলনায় চলতি বছরের বাজেটে শিক্ষা খাতের জন্য জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা রয়েছে। এবং আগামীতে এই বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে।
একই সঙ্গে বাংলাদেশ এআই খাতে বড় ধরনের বিনিয়োগের অপেক্ষায় রয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তরুণ প্রজন্মই দেশের প্রধান সম্পদ মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘দেশে প্রচুর মানবসম্পদ রয়েছে, তবে তা অদৃশ্য বা অস্পর্শনীয়। এই অদৃশ্য সম্পদকে দৃশ্যমান সম্পদে রূপান্তরিত করতে হবে বলেও তাগিদ দেন তিনি।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘বিশ্বব্যাপী উচ্চশিক্ষার প্রেক্ষাপট বিচার করলে, আমাদের দেশের এই বিশাল তরুণ জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিবেচনায়, আমাদের দেশে শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে বিবেচিত হয়। এই সেমিনারে উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতারা—যারা এমন যোগ্য শিক্ষার্থী গড়ে তুলছেন, যারা ভবিষ্যতে বিশ্বকে নেতৃত্ব দেবে। এই প্রেক্ষাপটে, শিক্ষার বিষয়ে আমাদের অত্যন্ত আন্তরিক ও মনোযোগী হতে হবে। যা আমাদের দেশের উন্নয়নে সহায়ক হবে।’