গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ মাটি ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চরমে রূপ নিয়েছে মাটি খেঁকো দুই গ্রুপের দ্বন্দ্ব। এ দ্বন্দ্বের জেরে হামলা চালিয়ে এক গ্রুপের নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের নেতাকর্মীরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হামলাকারীদের বাড়িঘর পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে আহতের পক্ষের লোকজন। এ ঘটনায় কয়েকটি এলাকায় আতঙ্কে থমথমে বিরাজ করছে।

এলাকাবাসী, উভয়পক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বর্ষার শেষের দিকেই কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবাধে ফসলি জমির মাটি অবৈধ ভাবে লুট শুরু করেছে মাটিখেকোরা। নষ্ট হয়ে যাচ্ছে ফসলি জমির উর্বর মাটি ও রাস্তাঘাট। ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ। অথচ এভাবে অবাধে মাটি লুট করা হলেও অজ্ঞাতকারণে অনেকটাই যেন চুপচাপ প্রশাসন। যার কারণে দিন দিন অবৈধ মাটি ব্যবসায় ঝুঁকছে মাটি খেঁকোরা। কখনো কখনো অবৈধ মাটি ব্যবসাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটছে।

এমন কি এ অবৈধ মাটি ব্যবসাকে কেন্দ্র করে ঘটছে খুনের ঘটনাও। এবারের বর্ষা যেতে না যেতেই উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাটি লুটের দুম পড়েছে। এ অবৈধ মাটি ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মধ্যপাড়া ইউনিয়ন তাতীদলের সভাপতি তুষার ইমরান ও গাজীপুর জেলা জিয়া মঞ্চের সভাপতি জহিরুল ইসলাম তাদের দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এর জেরে গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে জামালপুর বাজার এলাকায় হামলা চালিয়ে জহিরুল ইসলামকে কুপিয়ে আহত করা হয়। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী।

বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এর প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে শুক্রবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ করেন আহতের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন শেষে সাড়ে ১১টার দিকে কিছু লোকজন উত্তেজিত হয়ে পেট্রোল ঢেলে ওই তাতীদলের সভাপতি তুষারের বাড়িতে গিয়ে আগুন জ¦ালিয়ে দেয়। এছাড়াও একইভাবে তার গ্রুপের আব্দুল মালেক, শাহেদ, সুজন, রাহেলাসহ কয়েকজনের বাড়িতে আগুন জ¦ালিয়ে দেন তারা।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তাদের বাড়িঘর, দোকানপাটসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিরোধের জেরে একদল লোক ওই বাড়িতে আগুন দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারা আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্কে থমথমে বিরাজ করছে। অপর দিকে অবাধে অবৈধ মাটি লুট ও এ ব্যবসাকে কেন্দ্র করে অপ্রীকর ঘটনায় প্রশাসনের ভুমিকা নিয়ে নানা তুলছেন এলাকাবাসী।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে বাড়ির মালিকরা আমাদের জানিয়েছেন, পূর্বশত্রুতার জেরে একদল লোক তাদের বাড়িতে আগুন দিয়েছে।

এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম ফখরুল হোসাইন জানান, বিষয়টি শুনেছি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।