প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জন্মদিনের আনন্দ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগী এবং মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষ থেকে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির শুরুতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের হাতে খাবার তুলে দেওয়া হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার পরিবেশন করেন নেতাকর্মীরা।
এ সময় রোগী ও এতিম শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন তাঁরা।খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করা হয়। একই সঙ্গে তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের নির্দেশনায় জন্মদিনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মানুষের মুখে হাসি ফোটানো এবং সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।কর্মসূচিতে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।