জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংলাপ শুরু হচ্ছে আজ সোমবার (২৩ নভেম্বর)। প্রথম দল হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরুর জন্য প্রধানমন্ত্রীর কাছে দুটি শর্ত তুলে ধরবে দলটি।

আজ ২৩ নভেম্বর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেবেন এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল। দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন আরও তিন নেতা।

গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন নাহিদ ইসলাম। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এনসিপি তাতে সাড়া দেবে। তবে প্রধানমন্ত্রী কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং চলমান পরিস্থিতি মোকাবিলায় তার পরিকল্পনা কী, তা জানতে চাইবে দলটি।

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে নাহিদ ইসলাম দুটি শর্তের কথা জানিয়েছেন। এগুলো হলো একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ। তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে সরকার সত্যিকার অর্থেই জাতীয় ঐকমত্য চায়, সেই বার্তা রাজনৈতিক দল ও জনগণের কাছে পৌঁছাবে।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের জন্য সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে। অতীতে যেসব অঙ্গীকার ভঙ্গ করা হয়েছে, সেগুলোর জন্য ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে ঐকমত্যের প্রক্রিয়া শুরু করতে হবে। অবিলম্বে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার দাবি জানাবে এনসিপি।

তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগকে ঠেকানোর উদ্দেশ্যে ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হলে সেই প্রক্রিয়ায় অংশ নেবে না এনসিপি।

জাতীয় ঐক্যের জন্য আরও কয়েকটি বিষয়ে সরকারের স্পষ্ট অঙ্গীকার চেয়েছেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে বিএনপি সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এসব মৌলিক বিষয়ে ঐকমত্য ছাড়া জাতীয় ঐক্য সম্ভব নয়।

এর আগে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে এ বিষয়ে একান্তে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছে সরকার।

নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকবে এনসিপি। আওয়ামী লীগকে তারা জাতীয় শত্রু মনে করে। তার অভিযোগ, ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণের চেষ্টা করছে। এ শক্তির বিরুদ্ধে রাজপথে মোকাবিলা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

এদিকে জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন। সেখান থেকে তার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। আগামী ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা।