পালিয়ে যাওয়া কোনো প্রধানমন্ত্রীর ফিরে আসার নজির পৃথিবীর ইতিহাসে নেই বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। একই সঙ্গে শীঘ্রই অশান্ত গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কথাও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়েছেন। এরপরও বাহিনীর সদস্যরা গুলি না করে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়েছেন। তিনি বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড আর চলতে দেওয়া হবে না। শিগগিরই সেখানকার পরিস্থিতি শান্ত করা হবে। এ জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং সবকিছু আইনের মাধ্যমে করা হবে। তবে সরকারের সহনশীলতাকে কেউ দুর্বলতা মনে করবেন না।

সাংবাদিকদের সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেসব সংবাদ বেশি গুরুত্ব পাওয়ার কথা, সেগুলো অনেক সময় কম গুরুত্ব পাচ্ছে। আবার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয় বেশি প্রচার পাচ্ছে। প্রতিষ্ঠিত মিডিয়ার সাংবাদিকরা ছাড়াও কিছু পেইজ পরিচালনা কারী সাংবাদিক আছে, তারা অপপ্রচার করেন। তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

ভোলার উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে আহম্মদ সোহেল মনজুর বলেন, ভোলার মানুষ যেমন ভাগ্যবান, তেমনি বাংলাদেশের মানুষও ভাগ্যবান। ভোলায় একের পর এক গ্যাসকূপের সন্ধান পাওয়া যাচ্ছে। ভোলার গ্যাস ভোলায় ব্যবহারের বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সঙ্গে কথা বলবেন।

এছাড়াও ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ভোলা-বরিশাল সেতু অথবা সড়ক পথ নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে সরকার কাজ করছে। এই সরকারের আমলেই এর যেকোন একটি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত আসবে বলেও জানান তিনি। এ সময় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছারসহ জেলা প্রশাসন, জেলা বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।