৬ হাজার ৮০০ জনের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আগামী ডিসেম্বর মাসে দুই ধাপে তাদের ফেরত পাঠানো হবে। এমন সিদ্ধান্তের পাঁচ দিন আগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক রায়ে বলেছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী দেশটির রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেশটির পার্লামেন্টে এ তথ্য জানান। আলজাজিরা, এএফপি ও রয়টার্সের প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।
আনোয়ার ইব্রাহিম বলেন, আগামী ৬ ও ৭ ডিসেম্বর নৌবাহিনীর তিনটি জাহাজে করে মিয়ানমারের ১ হাজার ৫০০ নাগরিককে ফেরত পাঠানো হবে। এ ছাড়া ডিসেম্বর মাসে আরও ৫ হাজার ৩০৩ জনকে উড়োজাহাজে করে ফিরিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে ব্যয় বহন করবে মিয়ানমার সরকার।
মালয়েশিয়া ঐতিহাসিকভাবে মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়ে আসছে। তবে বিপুলসংখ্যক শরণার্থীর উপস্থিতিতে দেশটির সরকার ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠেছে। মালয়েশিয়ার দাবি, শরণার্থীদের আশ্রয় দেওয়া দেশটির জন্য আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকি তৈরি করছে।
এর আগে গত সেপ্টেম্বরের শেষ দিকে প্রায় দেড় হাজার অভিবাসীকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফেরত পাঠানো হয়। তবে কী প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ জানিয়েছিল।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন। তাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত রায়ে মিয়ানমার কর্তৃপক্ষকে দেশটির ভেতরে ও বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করার নির্দেশ দেয়।
এর আগে গত মাসে মিয়ানমারের সাবেক সামরিক জান্তাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট মিন অং হ্লাইংকে আতিথ্য দেয় মালয়েশিয়া। এ নিয়ে মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করে। তাদের আশঙ্কা, এমন উদ্যোগ মিয়ানমার সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করছে এবং ফেরত পাঠানো শরণার্থীদের নিরাপত্তা বিপন্ন করতে পারে।
আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে মালয়েশিয়ার যোগাযোগের বিষয়টি ছিল দেশের স্বার্থ সুরক্ষার প্রচেষ্টার অংশ। একই সঙ্গে তা আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার লক্ষ্য নিপীড়নের শিকার ব্যক্তিদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করা।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্বীকার করেন, দেশটিতে আশ্রয় নেওয়া অনেক মানুষই মিয়ানমার সরকারের নৃশংসতার শিকার। তবে শরণার্থীদের আশ্রয় দেওয়ার আর্থিক সক্ষমতা মালয়েশিয়ার নেই। অন্য কোনো দেশে তাদের পুনর্বাসনের আশাও এখন পর্যন্ত কার্যকর হয়নি।
গত মাসের শেষ দিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি মিয়ানমারে ফেরত পাঠানো কয়েক’শ অভিবাসীকে দেশটির সামরিক বাহিনীর হেফাজতে আটকে রাখার খবরের বিষয়ে তারা মিয়ানমার সরকারের কাছে ব্যাখ্যা চাইবে। মঙ্গলবারের বক্তব্যে আনোয়ার এ বিষয়ে নতুন করে কিছু না বললেও রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিয়ে মালয়েশিয়ার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা। মূলত মুসলিম এই জনগোষ্ঠীকে বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।