তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে এখনও সমঝোতা হয়নি। শ্রমিকদের ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির বিপরীতে মালিকপক্ষের সর্বশেষ প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় এ বিষয়ে আরও আলোচনা চলবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

বৈঠকে পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের জমা দেওয়া লিখিত মজুরি প্রস্তাব পর্যালোচনা এবং নতুন মজুরি কাঠামো নির্ধারণে সুপারিশমালা প্রণয়ন নিয়ে আলোচনা হয়।

বিকেল সাড়ে ৪টার দিকে বৈঠকের বিরতিতে বোর্ড চেয়ারম্যান জানান, চতুর্থ গ্রেডে ন্যূনতম মজুরি হিসেবে মালিকপক্ষ প্রথমে ১৫ হাজার টাকা প্রস্তাব করেছিল। পরে তা বাড়িয়ে ১৫ হাজার ৫০০ টাকা এবং সর্বশেষ ১৫ হাজার ৭০০ টাকা করা হয়েছে।

তিনি জানান, মালিকপক্ষের প্রস্তাবে শ্রমিকরা সন্তুষ্ট নন। অন্যদিকে শ্রমিকপক্ষের প্রস্তাবেও মালিকদের আপত্তি রয়েছে। এ বিষয়ে আরও আলোচনা করা হবে।

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টায় সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে ছয় সদস্যের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।

ওই সভায় তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে দুই পক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। পরে মঙ্গলবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।

বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। এরপরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত থাকে।

গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।

এরপর ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়।

সে অনুযায়ী ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও সভাটি স্থগিত করা হয়। এতে শিল্পাঞ্চলে ফের শ্রমিক অসন্তোষ দেখা দেয়। স্থগিত হওয়া ওই সভার ধারাবাহিকতায় সোমবার ও মঙ্গলবার মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা চলছে।