ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুসহ চার দফা দাবিতে এবার আমরণ অনশনে বসছেন নয়ন খান (২৫) নামের সেই যুবক। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রবেশপথে প্রায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছেন তিনি।
উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সদরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে দ্রুত পূর্নাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে দীর্ঘ প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা নয়ন খান। তার এই দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন আরও ৩-৪ যুবক।
এরা হলেন মেকানিকাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মো. তানজিল শরীফ। তাদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
ভোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ও সিসিইউ চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করা নয়নের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। কিন্তু প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি।
এ জন্য বন্ধ থাকা আইসিই ও সিসিইউ চালু করার দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন একাই হাসপাতালের সামনে হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন
নয়ন আরও বলেন, একই দাবিতে তিনি হাসপাতালটির তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের টনক নড়েনি। তারা কেউ জানতেও চায়নি আমি কেন এ কর্মসূচি পালন করছি। তাই, চার দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তিনি। দাবিগুলো হচ্ছে-ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পূর্নাঙ্গ আইসিইউ-সিসিইউ চালু, হাসপাতালটিতে পুরোপুরি ডাক্তার সংকট নিরসন, পুরোপুরি নার্স সংকট নিরসন ও গর্ভবতী মায়েদের জন্য প্রসূতি চিকিৎসা সেবা নিশ্চিত করা।
’হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুসহ চার দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান নয়ন খান।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির ভোলা জেলা শাখার সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী বলেন, ভোলা সদর হাসপাতালে আইসিইউ শয্যা স্থাপন করা হলেও জনবল সংকটে তা চালু হচ্ছে না। হাসপাতালটিতে চিকিৎসকের অনুমোদিত পদের বিপরীতে কর্মরত চিকিৎসকের সংখ্যা অনেক কম। কখনো কখনো দায়িত্ব পালনকারী চিকিৎসকের সংখ্যা ১০ জনে নেমে আসে বলেও অভিযোগ করেন তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আইসিইউ চালু করতে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং তাদের সহযোগিতার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন। হাসপাতালে সেই জনবল নেই। আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে নয়ন খান নামের এক যুবক গত কয়েকদিন ধরেই হাসপাতালের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বলেও জানান আরএমও।
এদিকে ভোলার ২৫০ জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় চিকিৎসা সরঞ্জামাগার (সিএমএসডি) থেকে ৬টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ৬ শয্যার এই ইউনিটে সব ধরনের আধুনিক যন্ত্রপাতি থাকলেও ডাক্তার, নার্সসহ চিকিৎসা সামগ্রী না থাকায় চালু করা যাচ্ছে না ইউনিটটি।