রাজশাহীর তানোর উপজেলায় নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলাম। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে তিনি উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক এবং তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক তানোর পৌর শহরের চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন এবং শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

পরে উপজেলা পরিষদ হলরুমে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার ওসি মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যমকর্মী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, শিক্ষক ও উপকারভোগী শিক্ষার্থীরা।

দিনব্যাপী কর্মসূচির শেষভাগে বিকেলে উপজেলা পরিষদ হলরুমে সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন জেলা প্রশাসক। শেষে তিনি তানোর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।