ভারতের পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিক এবং দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশিদের জন্য বাংলাদেশের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ ও গতিশীল করতে নতুন ভিসা প্রসেসিং সার্ভিস সেন্টার নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, আউটসোর্সড সার্ভিস প্রোভাইডার হিসেবে ‘সুইফট গ্লোবাল গেটওয়ে সার্ভিসেস’ (এসজিজিএস)-কে এই দায়িত্ব দেয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি কলকাতা ও শিলিগুড়িতে তাদের নতুন ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু করবে।

​কারা আবেদন করতে পারবেন: নতুন ব্যবস্থার অধীনে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও ছত্তিশগড়-এই পাঁচটি রাজ্যে বসবাসকারী ভারতীয় নাগরিকরা ভিসার আবেদন করতে পারবেন। পাশাপাশি এসব রাজ্যে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকরাও এই কেন্দ্রগুলোর মাধ্যমে বাংলাদেশের ভিসার আবেদন জমা দেয়ার সুযোগ পাবেন।

​নতুন ভিসা কেন্দ্রের ঠিকানা:

​কলকাতা: সিমসিস টাওয়ার্স, প্লট নম্বর ওয়াই-১৩, ব্লক ইপি অ্যান্ড জিপি, সেক্টর ফাইভ, সল্টলেক, কলকাতা-৭০০০৯১।

​শিলিগুড়ি: সিটি মল (প্রথম তলা), সেবক রোড, শিলিগুড়ি, দার্জিলিং-৭৩৪০০১।

​বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট পাঁচ রাজ্যের ভিসা আবেদনকারীদের আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই কেন্দ্রগুলোর মাধ্যমে আবেদন জমা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
​উল্লেখ্য, এতদিন পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা ‘ডিইউ ডিজিটাল’। কলকাতার সল্টলেক ও শিলিগুড়ির কেন্দ্র থেকে আবেদনপত্র সংগ্রহের পর তা উপ-হাইকমিশনে পাঠানো হতো এবং প্রক্রিয়াকরণ শেষে সেখান থেকেই ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করতেন আবেদনকারীরা। চলতি মাসের ৩০ নভেম্বর সংস্থাটির চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

​সংশ্লিষ্টদের আশা, নতুন প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব হস্তান্তরের ফলে ভিসা আবেদন প্রক্রিয়ায় গতি আসবে এবং সেবাপ্রার্থীরা আরও উন্নত পরিষেবা পাবেন।