ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন ভোটার। এমনকি যুদ্ধ বন্ধ করতে গিয়ে বিপক্ষে যায়, এমন শর্ত মেনে নিতেও রাজি তারা। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর আল জাজিরার।

জরিপে অংশ নেওয়া ৫৫ শতাংশ উত্তরদাতা বলেছেন, ‘শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত’। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে এই সমর্থন আরও বেশি। তাদের যথাক্রমে ৮০ ও ৫৯ শতাংশ যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। রিপাবলিকানদের মধ্যে এ হার ২৫ শতাংশ।

যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির পদক্ষেপও সমর্থন করছেন অধিকাংশ ডেমোক্র্যাট ভোটার। তাদের ৫৩ শতাংশ সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দ আটকে দিতে কংগ্রেসের উদ্যোগকে সমর্থন করেন। আর ৫১ শতাংশ চান, আসন্ন বাজেট আলোচনা চলাকালে ইরান যুদ্ধের অর্থায়ন বন্ধের দাবি তোলা হোক। এতে সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও তারা এ পদক্ষেপের পক্ষে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’ শীর্ষক জরিপে এসব তথ্য জানানো হয়। জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিক অংশ নেন।

জরিপে অংশগ্রহণকারীদের সামনে তিনটি বিকল্প রাখা হয়েছিল- অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায়ের লক্ষ্যে বর্তমান কৌশল অব্যাহত রাখা। এতে ২১ শতাংশ বর্তমান কৌশল চালিয়ে যাওয়ার পক্ষে মত দেন। আর ১৮ শতাংশ সামরিক অভিযান বাড়ানোর পক্ষে ছিলেন।

জরিপটির প্রধান গবেষক শিবলি তালহামি বলেন, শর্ত যা-ই হোক, যুদ্ধ বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন তাকে বিস্মিত করেছে। আল জাজিরাকে তিনি বলেন, মানুষ যুদ্ধের বিরোধিতা করছেন এবং এটি শেষ দেখতে চান-এটা জানা ছিল। তবে যুদ্ধ বন্ধ করতে তারা কতটা ছাড় দিতে রাজি, তা নিয়ে নিশ্চিত ছিলেন না।

যুদ্ধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন

যুদ্ধের পক্ষে মার্কিন সরকারের যুক্তি নিয়েও ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার বিষয়টিও রয়েছে।

জরিপে মাত্র ২৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে ইরান আগের চেয়ে দুর্বল অবস্থানে গেছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তবে গোয়েন্দা মূল্যায়নে ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান এ ধরনের অস্ত্র তৈরির অনুমোদন দিয়েছে- এমন প্রমাণ পাওয়া যায়নি।

যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে হরমুজ প্রণালি। যুদ্ধ শুরুর পর বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করে দেয় ইরান। জবাবে সেখানে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। যুদ্ধের কারণে জ্বালানির দামও বেড়েছে। জরিপে ৩৫ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। বিপরীতে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

অজনপ্রিয় এই যুদ্ধ বন্ধে ডেমোক্রেটিক পার্টির করণীয় নিয়ে বিতর্কের মধ্যেই জরিপটি প্রকাশিত হলো। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলো ডেমোক্র্যাটদের বড় জয়ে ভূমিকা রেখেছে। অন্যদিকে আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়ে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

ডেমোক্রেটিক পার্টির যুদ্ধবিরোধী প্রগতিশীল অংশের নেতারা এই ফলাফলকে যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সমর্থন অবসানের পক্ষে জনমতের প্রমাণ হিসেবে দেখছেন। তবে তাদের এ অবস্থানের সঙ্গে দলটির তুলনামূলক কঠোর অবস্থানের নেতাদের মতবিরোধ রয়েছে।

প্রতিনিধি পরিষদের নেতা হাকিম জেফ্রিস ও সিনেটর চাক শুমার যুদ্ধ বন্ধের পক্ষে কথা বললেও এ লক্ষ্য অর্জনে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে এখনও প্রতিশ্রুতিবদ্ধ হননি। এর মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করা কিংবা ডিসেম্বরে বাজেট নিয়ে আলোচনাকে কাজে লাগিয়ে হোয়াইট হাউসের ওপর চাপ তৈরির বিষয়ও রয়েছে।

তালহামি বলেন, ডেমোক্রেটিক পার্টির অনেক নেতা এই ইস্যুতে জনমতের তীব্রতা উপেক্ষা করছেন। তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে জনমত থেকে পিছিয়ে পড়বেন।

তালহামি আরও বলেন, সিনেটর বার্নি স্যান্ডার্স ও ক্রিস ভ্যান হলেনের মতো প্রগতিশীল নেতারা যুদ্ধ বন্ধে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে চাপ দিচ্ছেন।

সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠ নেতা হওয়ার দৌড়ে শুমারের প্রতিদ্বন্দ্বী ভ্যান হলেনও যুদ্ধের ইস্যুতে দলের মধ্যপন্থী নেতৃত্বকে ভোটারদের মনোভাব থেকে বিচ্ছিন্ন হিসেবে তুলে ধরছেন। জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটারদের মধ্যে শুমারের তুলনায় ভ্যান হলেনের প্রতি সমর্থন প্রায় তিন গুণ বেশি।