মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক কংগ্রেস সদস্য রিচার্ড ওজেদা ইরানের স্কুল ও হাসপাতালগুলোতে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, শিশুদের সেবায় নিয়োজিত স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে ভালো পক্ষ হিসেবে তুলে ধরতে পারে না।
ওজেদা বলেন, “এই পরিস্থিতিতে আমরা ভালো পক্ষ নই। ভালো পক্ষ শিশুদের স্কুলে বোমা হামলা চালায় না। ভালো পক্ষ শিশুদের হাসপাতালকে লক্ষ্যবস্তু করে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান এবং সংঘাতের অবসান ঘটানোর উপায় খুঁজে বের করার প্রচেষ্টায় গুরুত্ব দেওয়ার কথা বলেন।
যুদ্ধের অর্থনৈতিক পরিণতির দিকেও ইঙ্গিত করেন ওজেদা। তাঁর মতে, যুদ্ধের অবসান ঘটলে বিভিন্ন খাতে পণ্যমূল্য কমে আসার সম্ভাবনা রয়েছে।
ওজেদা বলেন, “আমাদের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া প্রয়োজন।” তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, বর্তমান পরিস্থিতিতে ইরান এই কৌশলগত সাগরপথটি পুনরায় খুলে দেয়ার কোনো যৌক্তিক কারণ দেখছে না।
তিনি যুক্তি দেন, যারা যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে জড়িয়ে ফেলার জন্য দায়ী, তারা এখনো ক্ষমতায় রয়েছে এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য তাদের জবাবদিহির আওতায় আনতে হবে।
হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ওজেদার এই মন্তব্য এলো। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাগর-পথটির অবস্থান চলমান সংঘাতের অন্যতম প্রধান ইস্যুতে পরিণত হয়েছে।