কুষ্টিয়া সদর উপজেলার জগতি ও মিনাপাড়া এলাকায় জমি জালিয়াতির একের পর এক অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পৈতৃক ও ব্যক্তিমালিকানাধীন জমি প্রকৃত মালিকদের অজান্তে জাল দলিলের মাধ্যমে বিক্রি দেখানোর অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এসব জমি কিনেছেন বেঙ্গল টোব্যাকোর মালিক আতিয়ার রহমান ও তাঁর ভাই রাজু রহমান।

অভিযোগ আরও গুরুতর। জাল দলিলের মাধ্যমে কেনা এসব জমির কয়েকটি ব্যাংকে বন্ধক রেখে কয়েক কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয়দের। অথচ জমিগুলোর বাস্তব দখল এখনো প্রকৃত মালিকদের হাতেই রয়েছে। জমি বিক্রি না করেও দলিলে বিক্রেতা হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন একাধিক পরিবার। তাঁদের আশঙ্কা, জমির মালিকানা হারানোর পাশাপাশি ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায়ও পড়তে পারেন তাঁরা।

ভুক্তভোগীদের অভিযোগ, জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে নাম ও ঠিকানা ঠিক রেখে ছবি এবং স্বাক্ষর পরিবর্তনের মাধ্যমে ভুয়া দলিল তৈরি করা হয়েছে। এসব দলিলে জমি বিক্রি দেখানো হলেও প্রকৃত মালিকরা কেউ জমি বিক্রি করেননি, এমনকি কোনো বিক্রয় মূল্যও পাননি।
পৈতৃক জমিও বিক্রি দেখানো হয়েছে।

অনুসন্ধানে জানা গেছে, গত কয়েক বছর ধরে জগতি ও মিনাপাড়া এলাকার কিছু জমি নিয়ে তৎপর ছিলেন কয়েকজন জমির মধ্যস্থতাকারী। বিশেষ করে বাইপাস এলাকার ফসলি জমি চিহ্নিত করে মালিকানা ও কাগজপত্র সংগ্রহের নামে একটি চক্র কাজ করত বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগীদের দাবি, কখনো নিজেরা, আবার কখনো আত্মীয়স্বজনকে শনাক্তকারী হিসেবে ব্যবহার করে জাল কাগজপত্রের মাধ্যমে জমিগুলো আতিয়ার রহমান ও রাজু রহমানের নামে রেজিস্ট্রি করা হয়েছে।

এ ঘটনায় যেসব ভুক্তভোগীর নাম সামনে এসেছে, তাঁদের মধ্যে রয়েছেন মিনাপাড়ার নাজমুল হক, ইয়ার আলী, রেবেকা খাতুন, নিমচাঁদ, রিয়ামনসহ আরও অনেকে। তাঁদের দাবি, প্রায় এক বছর আগে তাঁদের অজান্তেই জমিগুলো বিক্রি দেখানো হয়। অথচ জমির দখল এখনো তাঁদের কাছেই রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, সুমন, নাসির, শিহাব, রাশেদ, লিটন ও মারফত নামের কয়েকজন ব্যক্তি এসব জমি কেনাবেচার মধ্যস্থতা করেছেন। তাঁদের কেউ জমি দেখিয়েছেন, কেউ কাগজপত্র সংগ্রহ করেছেন, আবার কেউ দলিলে শনাক্তকারী হিসেবে নাম দিয়েছেন। এভাবে একের পর এক পরিবারের জমি জালিয়াতির মাধ্যমে বিক্রি দেখানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাবার জমি বিক্রি, জানেন না ছেলে

জালিয়াতির অভিযোগ তুলে ভুক্তভোগী নিমচাঁদ বলেন, তাঁর দাদার ১৪ শতক জমি ছিল। দাদার মৃত্যুর পর তিন ফুফু ও তাঁর বাবা ওই জমির ওয়ারিশ হন। বাটোয়ারা সূত্রে তাঁর বাবা সাত শতক জমির মালিক। অথচ তাঁদের অজান্তেই সেই জমি বিক্রি দেখানো হয়েছে।

নিমচাঁদের অভিযোগ, তাঁর বাবার জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে দলিল তৈরি করা হয়েছে। সেখানে নাম ও ঠিকানা ঠিক থাকলেও ছবি ও স্বাক্ষর অন্য ব্যক্তির। দলিলের শনাক্তকারী হিসেবে জয়নাল নামের এক ব্যক্তির নাম রয়েছে।

তিনি বলেন, “প্রথমে লোকমুখে শুনে বিষয়টি জানতে পারি। পরে দলিল যাচাই করতে গিয়ে দেখি, আমাদের জমি বিক্রি হয়ে গেছে। বেঙ্গল টোব্যাকোর মালিক আতিয়ার ও রাজু সাহেব জমিটি কিনেছেন। শুধু আমাদের নয়, আরও অনেকের জমি এভাবে বিক্রি করা হয়েছে। আমরা আমাদের জমি ফেরত চাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
মসজিদে বসে জমি ফেরত দেওয়ার আলোচনা?

আরেক ভুক্তভোগী নাজমুল হক বলেন, তাঁরা কিছুই জানতেন না। হঠাৎ জানতে পারেন, তাঁদের জমি বিক্রি হয়ে গেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর আতিয়ার রহমান তাঁদের মহল্লার মসজিদে বসে কথা বলেন।
নাজমুলের দাবি, সেখানে আতিয়ার রহমান জানান, তিনি দালালের মাধ্যমে জমিগুলো কিনেছেন এবং দালালরা ভুল করেছেন। পরে বর্তমান বাজারদরের চেয়ে কিছুটা কম দামে জমি কেনার প্রস্তাব দেন বলেও অভিযোগ করেন তিনি।

নাজমুলের আরো অভিযোগ, নাসির, রাশেদ ও সুমন নামের ব্যক্তিদের মাধ্যমে আতিয়ার রহমান এসব জমি কিনেছেন। তাঁদের চার ভাইয়ের প্রায় ১৬ কাঠা জমিও জালিয়াতির মাধ্যমে বিক্রি দেখানো হয়েছে। এ ঘটনায় তাঁরা মিস কেস করেছেন। পরে জানতে পারেন, ওই জমির ওপর ব্যাংকঋণও রয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, জাল দলিলের মাধ্যমে কেনা জমিগুলোর অধিকাংশ ব্যাংকে বন্ধক রেখে মোটা অঙ্কের ঋণ নেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঋণের পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে। তবে ঋণের সঠিক পরিমাণ ও সংশ্লিষ্ট ব্যাংকের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জমিগুলো এখনো প্রকৃত মালিকদের দখলে থাকলেও সেখানে ব্যাংকের বন্ধকসংক্রান্ত কোনো সাইনবোর্ড নেই। তাঁদের প্রশ্ন, জমির প্রকৃত মালিকদের সঙ্গে যোগাযোগ না করে এবং জমির বাস্তব দখল ও মালিকানা যাচাই না করে কীভাবে এসব জমির বিপরীতে ব্যাংকঋণ অনুমোদন করা হলো?

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, “আতিয়ার সাহেবের বাড়ি এখান থেকে বেশি দূরে নয়। তিনি কি একটি জমি সম্পর্কেও জানতেন না? আমাদের ধারণা, দালালদের মাধ্যমে এসব জমি জাল দলিল করে নিজের নামে করেছেন তিনি। এখন শুনছি, জমির ওপর ব্যাংক থেকে কয়েক কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। জমি ফেরত দিলেও ব্যাংকের ঋণের দায় নিয়ে ভুক্তভোগী পরিবারগুলো বিপদে পড়বে।

তিনি আরও বলেন, রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, জমি কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তি এবং ঋণ প্রদানকারী ব্যাংকের ভূমিকা তদন্ত করা প্রয়োজন। কীভাবে প্রকৃত মালিকদের অজান্তে দলিল সম্পন্ন হলো, কারা শনাক্তকারী ছিলেন এবং কীভাবে এসব দলিলের ভিত্তিতে নামজারি ও ব্যাংকঋণ হয়েছে, তা খতিয়ে দেখা দরকার।

অভিযোগের বিষয়ে দালাল চক্রের সদস্য হিসেবে অভিযুক্ত নাসির দায় অস্বীকার করে বলেন, তিনি শুধু জমি দেখিয়ে দিয়েছেন। পরবর্তীতে তাঁরা কী করেছেন, তা তিনি জানেন না। তবে বেঙ্গল টোব্যাকোর মালিককে কয়েকটি জমি মধ্যস্থতা করে কিনে দিয়েছেন বলে স্বীকার করেন তিনি।

নাসিরের দাবি, সেসব জমিতে কোনো সমস্যা নেই। একই সঙ্গে তিনি বলেন, আতিয়ার রহমানের ঘনিষ্ঠ লিটন, মারফত ও সোহেলের যোগসাজশেই এসব জমি কেনা হয়েছে।

অন্যদিকে জমি কেনাবেচার মধ্যস্থতাকারী লিটন বলেন, আতিয়ার রহমান জমি কেনার জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা ওই এলাকায় যান। সেখানে নাসির, রাশেদ, সুমন ও রাবুলের সঙ্গে যোগাযোগ হয়।
লিটনের ভাষ্য, নাসির তাঁদের জানিয়েছিলেন, ওই মাঠের অধিকাংশ জমি তাঁদের বাপ-চাচাদের গোষ্ঠীর। পরে তাঁদের সঙ্গে আতিয়ার রহমানের পরিচয় করিয়ে দেওয়া হয়। জমি পছন্দ হওয়ার পর তিনি কেনেন। জমির কাগজপত্র সংশ্লিষ্ট ব্যক্তিরাই সংগ্রহ করেছিলেন।

লিটন আরও বলেন, পরবর্তীতে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে জমির প্রকৃত মালিকদের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, জমিগুলো জালিয়াতির মাধ্যমে বিক্রি করা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারেন, দলিলের শনাক্তকারী হিসেবেও তাঁদের আত্মীয়স্বজনের নাম রয়েছে।

তিনি দাবি করেন, এসব জমি বিক্রি করে টাকা নিয়েছেন নাসির। এ-সংক্রান্ত ভিডিও ফুটেজ তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও জানান লিটন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠা এসব জমি রেজিস্ট্রির সময় কুষ্টিয়া রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন রাসেল মল্লিক। বর্তমানে তিনি বদলি হয়ে অন্যত্র কর্মরত রয়েছেন।

তবে দলিল সম্পাদনের সময় পরিচয় শনাক্তকরণ, ছবি-স্বাক্ষর যাচাই এবং সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে কী ধরনের প্রক্রিয়া অনুসরণ করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রকৃত মালিকদের অভিযোগ সত্য হলে, তাঁদের পরিচয় ব্যবহার করে কীভাবে দলিল সম্পন্ন হলো, কারা দলিলে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেছেন এবং সংশ্লিষ্ট নথি যাচাইয়ে কোনো গাফিলতি ছিল কি না, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা জরুরি।

অভিযোগের বিষয়ে বেঙ্গল টোব্যাকোর মালিক আতিয়ার রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন বলেন, বিষয়টি তিনি বেশ কিছুদিন আগে শুনেছেন। যে সময় একটি নামজারি হয়েছিল, তখন তিনি দায়িত্বে ছিলেন না। সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর কাছে এসেছিলেন। তিনি তাঁদের মিস কেস করার পরামর্শ দিয়েছেন।

তিনি বলেন, “বাদী ও বিবাদী উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁদের বক্তব্য পর্যালোচনা করা হবে। এরপর নামজারি বহাল থাকবে, নাকি বাতিল করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই, প্রকৃত জমির মালিক যেন তাঁর জমি ফিরে পান।

জগতি ও মিনাপাড়া এলাকার এই জমি জালিয়াতির অভিযোগ এখন শুধু কয়েকটি পরিবারের জমি হারানোর আশঙ্কায় সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে পড়েছে দলিল সম্পাদন, পরিচয় শনাক্তকরণ, নামজারি এবং ব্যাংকঋণ অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ বিষয়।

প্রকৃত মালিকদের অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের ভূমিকা নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে এবং জালিয়াতির সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে জমির মালিকানা ফিরে পাওয়ার ব্যবস্থা করা হবে।