অভয়নগরে অবৈধভাবে পাচারের অভিযোগে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গমসহ একটি লাইটার জাহাজ জব্দ করেছে এসআরবি-৬ ও নৌ পুলিশের যৌথ অভিযানিক দল।

এ ঘটনায় ছয়জনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জাহাজের মাস্টার পলাতক রয়েছেন।

বুধবার ২৫ নভেম্বর দুপুর ৩টার দিকে অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফরাজি ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বিদেশ থেকে সমুদ্রপথে আমদানিকৃত গমের একটি চালান মোংলা বন্দরে আসার পথে বাগেরহাটের হারবাড়িয়া এলাকায় একটি চক্র বিদেশি জাহাজ থেকে আনুমানিক ১৫০ টন গম বাংলাদেশের একটি লাইটার জাহাজে আনলোড করে। পরে ওই জাহাজটি যশোরের অভয়নগর উপজেলার নোয়াপাড়া বেঙ্গল খেয়াঘাট এলাকায় অবস্থান নেয়।

এ তথ্যের ভিত্তিতে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও নৌ পুলিশ অভয়নগর যৌথভাবে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে আনুমানিক ৬০ লাখ টাকা মূল্যের ১৫০ টন সরকারি গম, একটি লাইটার জাহাজসহ ছয়জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়। এদিকে জাহাজের মাস্টার পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে এসআরবি-৬ ও নৌ পুলিশের সদস্যদের পাশাপাশি অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দিপু এবং সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী উপস্থিত ছিলেন।

অভিযান শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের এবং জব্দ করা গম ও লাইটার জাহাজ নৌ পুলিশ অভয়নগরের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।