ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির নৌবাহিনীর জনসংযোগ বিভাগ ঘোষণা করেছে: খাসাবের উত্তরে এবং হরমুজ প্রণালীর দক্ষিণ অংশে একটি অবৈধ পণ্যবাহী জাহাজ সমুদ্রমাইনের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে।
পার্সটুডে ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে উদ্ধৃত করে জানিয়েছে, আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে ঘোষণা করেছে: প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায়, একটি অবৈধ পণ্যবাহী জাহাজ, যেটি তার নেভিগেশন এবং পজিশনিং সিস্টেম বন্ধ করে দিয়েছিল এবং সামুদ্রিক ট্র্যাফিকের নির্দেশনা না মেনে খাসাব বন্দরের উত্তরে ও হরমুজ প্রণালীর দক্ষিণে একটি অননুমোদিত পথ দিয়ে যাচ্ছিল, সেটি একটি সমুদ্রমাইনের সাথে ধাক্কা খেয়ে থেমে যায়।
বিবৃতিতে বলা হয়েছে: মার্কিন চোরাচালানকারী বাহিনীর যুদ্ধবিমানের সহায়তায় এই জাহাজটি হরমুজ প্রণালীর ভুয়া পথ দিয়ে গোপনে যাওয়ার চেষ্টা করছিল, যে পথ দিয়ে সমুদ্রমাইনগুলো যেতে দেয়নি এবং এর বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লেগে যায়।
আইআরজিসি নৌবাহিনী ওইসব বাণিজ্যিক জাহাজের মালিক ও চালকদের উদ্দেশ্য করে বলেছে যে, হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা বজায় রাখার জন্য সামুদ্রিক নিরাপত্তা বিধিমালা মেনে চলা, অনুমোদিত পথ ব্যবহার করা এবং দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের জারি করা সতর্কবার্তা মেনে চলা অপরিহার্য।
আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে: এই আবশ্যকতাগুলো উপেক্ষা করলে নাবিকদের জীবন, জাহাজের নিরাপত্তা এবং জাহাজ মালিকদের মূলধন গুরুতরভাবে বিপন্ন হতে পারে।