চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে বড় জয় তুলেছে বার্সেলোনা। আসরে প্রথম পয়েন্ট হারিয়েছে পিএসজি। সহজ জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও লিভারপুল। তবে হোঁচট বায়ার্ন মিউনিখের। শেষ হল তাদের মৌসুমে অপরাজিত থাকার রেকর্ড। লিলের বিপক্ষে হেরেছে জার্মানির ক্লাবটি। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক দুই ক্লাব স্পোর্টিং সিপি ও ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখিতে ড্র করেছে।

রাতের প্রথম ম্যাচে সাবাহর মাঠে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। ম্যাচের ৩১ মিনিটে কাতালান ক্লাবটিকে লিড এনে দেন অ্যান্থনি গর্ডন। ৫১ মিনিটে তার আরেক গোলে ব্যবধান দিগুণ করে বার্সা। ৫৫ মিনিটে করিম আদেয়ামি এবং ৬০ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে ৪-০ করে ফেলে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ৬৩ মিনিটে জয়-লেন্স মিকেলসের গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা।

মাউরিসিও পচেত্তিনোর অধীনে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম ম্যাচ ছিল। লিসবনে স্পোর্টিংয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের ৩৩ মিনিটে পেনাল্টি পায় পর্তুগালের স্পোর্টিং, লিড এনে দেন লুইস সুয়ারেজ। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা, গোল করেন ব্রুনো ফের্নান্দেজ, সমতায় ফেরে ইউনাইটেড। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে শটে গোল করেন এ পর্তুগিজ। লিড নেয় ইউনাইটেড। ম্যাচের ৮০তম মিনিটে সুয়ারেজের গোলে ২-২ হয় ব্যবধান। ৮২ মিনিটে ইউনাইটেড জালের দেখা পেলেও ফাউলে সেটি বাতিল হয়। ৯০ মিনিট শেষে যোগ করা তৃতীয় মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের ইউরি টিলেমান্স।

লিলের মাঠে হোঁচট খেয়েছে বায়ার্ন, ২-১ গোলে হেরেছে জার্মান জায়ান্টরা। মৌসুমে এটি ক্লাবটির প্রথম হার, টানা ১৬ ম্যাচ অপরাজিত ছিল ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। ম্যাচের ১৫ মিনিটে কর্নার থেকে আসা বল হেডে জালে জড়ান ডেওট উপামেকানো, লিড পায় বায়ার্ন। বিরতি থেকে ফিরে জালের দেখা পায় লিল, ফাউলে সেটি বাতিল করেন রেফারি। ৬২ মিনিটে আয়াসে উয়েদার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬৫ মিনিটে ইথান এমবাপের শট পোস্টে লেগে ফিরে এলে সেটি আলেকজান্ডার পাভলোভিচের ভুলে আবার বায়ার্নের জালে জড়ায়। ম্যাচে এগিয়ে যায় লিল। শেষ পর্যন্ত গোলের জন্য মরিয়া হয়ে ওঠে বায়ার্ন, তবে আর জালের দেখা মেলেনি তাদের।

প্যারিসে রোমার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে পিএসজি। ম্যাচের পঞ্চম মিনিটে মারিও হ্যারমসর গোলে লিড নেয় ইতালির ক্লাবটি। ৩১ মিনিটে ইলিয়া জাবারনির গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৬২ মিনিটে পেনাল্টিতে গোল করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগিয়ে নেন উসমানে ডেম্বেলে। ৭৮ মিনিটে ডনিয়েল মালেনের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

মাদ্রিদের মেট্রোপলিটানোতে ভাইকিংদের ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৯ মিনিটে আলেকজান্ডার সরলোথ এবং ২৪ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে জয় পায় স্প্যানিশ ক্লাবটি। ৯০ মিনিট শেষে হেনরিক ফালচেনা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় সফরকারীরা।

ক্লাব ব্রুগের মাঠে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। ১৩ মিনিটে গোল করেন আলেক্সান্ডার ইসাক। ৭৯ মিনিটে ব্যবধান দিগুণ করেন ফ্লোরিয়ান রির্টজ। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ইসাক।

রাতের বাকি ম্যাচগুলোর মধ্যে স্লাভিয়া প্রাগকে ১-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল। শাখতার দোনেস্কৎয়ের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফেনেরবাচ। স্টুটগার্টের বিপক্ষে ২-০ গোলে জয়ে পেয়েছে ইন্টার মিলান।