রাশিয়ার মস্কো থেকে ৩০০ কিলোমিটার পূর্বে অবস্থিত সাভাসলেয়কা বিমানঘাঁটিতে হামলা চালিয়ে পাঁচটি রুশ সামরিক বিমান ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে ইউক্রেন। একই সঙ্গে রাতভর হামলায় রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারেও আঘাত হানা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে এই তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, হামলায় রাশিয়ার তিনটি মিগ-৩১ এবং দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নিরূপণ করা হচ্ছে উল্লেখ করে তারা বলেছে, সামনে আরও ভালো খবর আসতে পারে। তবে এই হামলায় ঠিক কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কিয়েভ। অন্যদিকে, বিমানঘাঁটিতে হামলার বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেয়কা বিমানঘাঁটিটি বেশ কয়েক বছর ধরেই ইউক্রেনের লক্ষ্যবস্তু হয়ে আছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা নিক্ষেপের জন্য ব্যবহৃত রুশ যুদ্ধবিমানগুলো এই ঘাঁটিতে রাখা হয়। বিশেষ করে এই ঘাঁটি থেকে মিগ-৩১ যুদ্ধবিমান উড্ডয়ন করলেই ইউক্রেনজুড়ে সতর্কতা জারি করা হয়। কারণ, এই বিমান থেকে ছোড়া ‘কিনঝাল’ ক্ষেপণাস্ত্র বড় অবকাঠামো ও সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম এবং এগুলো ভূপাতিত করা অত্যন্ত কঠিন।
এদিকে, রাতভর চালানো অপর এক হামলায় সম্মুখসমর থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে রাশিয়ার সামারা অঞ্চলের দুটি তেল শোধনাগারে আঘাত হানার দাবি করেছে কিয়েভ। রাশিয়ার জ্বালানি পরিশোধন সক্ষমতা কমিয়ে দিতে দূরপাল্লার এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
হামলার পর এক বার্তায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আপনারা কি এগুলো মেরামত করেছিলেন? আমরা আবারও আঘাত হানব।
সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ রাতভর চালানো এই হামলাকে ‘প্রকৃত অগ্নিপরীক্ষা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, ওই অঞ্চলে ১৪৫টিরও বেশি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই হামলায় একজন নিহত হয়েছেন। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এ ছাড়া বর্তমানে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনীয় ভূখণ্ডে অবস্থিত একটি রাডার ব্যবস্থা এবং জ্বালানি ও রসদ ডিপোতেও হামলা চালানোর দাবি করেছে কিয়েভ। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জ্বালানি ছাড়া সামরিক যান চলতে পারে না এবং গোলাবারুদ ছাড়া কামান নীরব হয়ে যায়। প্রতিটি সফল হামলার অর্থ হলো মস্কোর আক্রমণের সক্ষমতা কমে যাওয়া।
অন্যদিকে, গত মঙ্গলবার (২৪ নভেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের জ্বালানি স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন। তবে তিনি দাবি করেন, বড় কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই রাশিয়া তার অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে কিয়েভের এসব হামলার জবাবে মস্কো ‘অনিবার্যভাবেই’ পাল্টা প্রতিশোধ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।
উল্লেখ্য, রাশিয়ার পাল্টা হামলায় ইউক্রেনেও প্রতিদিন প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হচ্ছে। ২৪ থেকে ২৫ নভেম্বরের মধ্যে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।