মজুরি বৃদ্ধির ঘোষণার পরেও নানা অজুহাতে বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ অব্যাহত। আর তাদের আন্দোলনের ভেতরে অনুপ্রবেশ করে নাশকতা সৃষ্টি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতাকর্মীরা। ফলে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে ও নিষিদ্ধদের নাশকতা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও প্রশাসন। এই লক্ষ্যে বৃহস্পতিবার থেকে সভা-সমাবেশসহ নানা কর্মসূচী ও শ্রমিক-বাড়িওয়ালাদের নানা প্রতিশ্রুতি দিচ্ছে সংশ্লিষ্টরা।

এলাকাবাসী, শ্রমিক, বিএনপি নেতাকর্মী, পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবীতে শ্রমিকদের বেশ কিছুদিনের টানা আন্দোলন চলে আসছে। এর ধারাবাহিকতায় গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল, ঢাকা-ময়মনসিংহ, চন্দ্রা-নবীনগর মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। কারখানা ভাংচুর, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। শুধু তাই নয়, ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাংচুর ও পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সৃষ্টি হয়। এসব ঘটনায় চরম দুর্ভোগে পড়েন পরিবহন শ্রমিক, যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাকালে পুলিশের টিয়ারশেল, কাঁদানে গ্যাস নিক্ষেপের মাধ্যমে বিক্ষুব্দ শ্রমিকদের ছত্রভঙ্গ করলে সড়ক-মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। আইন শৃঙ্খলা বাহিনী ও বিএনপির নেতাকর্মীদের দাবী, চলমান পরিস্থিতিতে এ আন্দোলনের ভেতরে শ্রমিকের ছদ্মভেসে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগসংগঠনের নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠে।

আর সুযোগ বুঝে শ্রমিকের ছদ্মভেসে কার্যক্রম নিষিদ্ধ নেতাকর্মীরা পরিকল্পিতভাবে এসব নাশকতা চালায়। তারা ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার ঘোষণাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করে। ফলে অস্থির হয়ে উঠে শিল্পাঞ্চল। এমন পরিস্থিতিতে শ্রমিকদের নূন্যতম বেতন প্রথম গ্রেড ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেড ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেড ১৯ হাজার ২০০ টাকা ও চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড কমিশন।

তারপরও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উসকানিতে কিছু পোশাক কারখানার শ্রমিকরা আন্দোলন অব্যাহত রাখেন। আর যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। তারপরও ৩০ ডিসেম্বরকে কেন্দ্র করে শ্রমিকদের ছদ্মভেসে বহিরাগত নিষিদ্ধরা দেশ অস্থিতিশীল করার পরিকল্পনা করে আসছে। ফলে কালিয়াকৈরে শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে ও নিষিদ্ধদের নাশকতা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি ও প্রশাসন।

এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। শ্রমঘন এলাকাসমূহে বসবাসরত শ্রমজীবী মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বাড়ি ভাড়া বৃদ্ধি না করা এবং ভাড়াটিয়াদের স্বার্থ সংরক্ষণে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- জনপ্রতিনিধি, বাড়ির মালিক, শ্রমিক প্রতিনিধি, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।

এসময় বাড়ি ভাড়া না বাড়ানোর শর্ত মেনে বাড়ির মালিকদের দাবী, বিদ্যুৎ বিল বৃদ্ধি করা হয়েছে। আমরা সরকারী ভ্যাট-ট্রাক্স ঠিকমতো দেওয়ার পরও যত্রতত্র ময়লার স্তুপে ভাগাড়ে পরিণত করা হচ্ছে। যার কারণে একদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে, পরিবেশ দুষিত হচ্ছে। অপর দিকে মশার উপদ্রব বাড়ছে। ফলে ডেঙ্গু মশার কামড়ে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মারাও গেছেন। তাদের দাবীর প্রেক্ষিতে এসব সমস্যার সমাধানের নানা প্রতিশ্রুতি দিয়ে বহিরাগতদের বিষয়ে শর্তক থাকার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন বলেন, সরকারের নির্দেশনা হচ্ছে, শ্রমিকদের বেতন বাড়ানোর সাথে সাথে যেন বাড়ি ভাড়া বাড়ানো না হয়। এ বিষয়ে প্রচারনার জন্য মাইকিংও করা হবে। আপনাদের দাবীর বিষয়গুলো প্রশাসন দেখবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভাড়াটিয়াদের ডাকা তৈরি করে বহিরাগতদের থেকে সর্তক থাকবেন।

অপর দিকে শ্রমিকদের কর্মস্থলে ফেরাতে ও নাশকতা ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা একই লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্থানে সভা-সমাবেশসহ নানা কর্মসূচী পালন করছেন। এর ধারাবাহিকতায় চন্দ্রা এলাকায় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এমপি’র নেতৃত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বাড়ি ভাড়া বৃদ্ধি না করার অনুরোধ জানিয়ে এমপি বলেন, সরকার শ্রমিকদের প্রতি আন্তরিক। ইতিমধ্যে আপনাদের ভালবেসে মজুরি বৃদ্ধির ঘোষণা করেছে। এটা মেনে আপনারা কাজে যোগ দিন। আপনাদের ছদ্মভেসে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে যাতে কেউ গোলা পানিতে মাছ শিকার না করে। সেদিকে সর্তক থাকবেন। আপনাদের কথা বিবেচনা করেই এখানে ১০০ শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জুনের মধ্যে সেটা বাস্তবায়নে আলোর মুখ দেখবে। এছাড়াও নাশকতা ঠেকাতে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকার কর্মসূচী গ্রহণ করেছে বিএনপি পরিবার। এ লক্ষ্যে প্রতিদিন নেতাকর্মীরা কালিয়াকৈরকে ৭টি জায়গায় বিভক্ত করে অবস্থান নিবেন। যাতে কারো বাড়িতে কেউ আগুন দিতে না পারে, গাড়ি-দোকানপাটে ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ করতে না পারে। ২৪-এ পরাজিত সৈনিকরা যে পরিকল্পনা করছে, সেটা এখানে বাস্তবায়ন করার কোনো সুযোগ পাবে না। এই সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে আমরা জনমত গড়ে তুলেছি।