খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় রানা নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ভোরে সোনাডাঙ্গা মডেল থানার অন্তর্গত আল-ফারুক সোসাইটি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভোরের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা রানার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

হামলার পরপরই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা রানাকে এক রিকশাচালক উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে ঘটনার পেছনে মাদকসংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে হামলার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। আকস্মিক এই ঘটনায় আল-ফারুক সোসাইটি ও আশপাশের এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এবং আহত যুবকের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।