যুদ্ধ কেড়ে নিয়েছে ঘরবাড়ি, জীবিকা আর স্বাভাবিক জীবন। এবার পরিবারের মুখে খাবার তুলে দিতে, স্কুল ছেড়ে কঠিন শ্রমে নামতে হচ্ছে গাজার শিশুদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও জুটছে না স্বস্তি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

১৫ বছর বয়সী কিশোর আহমেদ আল-জাবদা। একসময় যে সময় কাটত স্কুলে, বন্ধুদের সঙ্গে খেলাধুলায়, এখন সেই সময় কাটছে ভারী কাজ আর পরিবারের খরচ জোগানোর চেষ্টায়। গাজা সিটির শুজাইয়া এলাকা থেকে বাস্তুচ্যুত হয় আহমেদ। ইসরায়েলি হামলায় ঘরবাড়ির পাশাপাশি পরিবারের আয়ের উৎসও হারিয়েছে সে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনি কিশোর আহমেদ আল-জাবদা বলছিল, ‘সকাল ৭টায় কাজে যাই, সূর্য ডোবার পরও কাজ করতে হয়। উপায় নেই, নিজের ও পরিবারের খরচ চালাতে আয় করতে হবে। রাতে ব্যথায় ঘুমাতে পারি না। পিঠ, পা আর হাতে খুব যন্ত্রণা হয়।

শুধু কাজের কষ্ট নয়, নিজের বয়সী শিশুদের মতো স্বাভাবিক জীবনও হারিয়েছে আহমেদ। তার কাছে এখন পড়াশোনা কিংবা খেলাধুলার সুযোগের চেয়ে পরিবারের খাবারের ব্যবস্থা করাই বড় হয়ে উঠেছে।

আহমেদ আল-জাবদা বলে, ‘আমার বয়সী কোনো শিশুরই এমন কাজ করার কথা নয়। আমাদের স্কুলে পড়ার কথা, খেলাধুলা করে স্বাধীনভাবে বেড়ে ওঠার কথা। কিন্তু এখানে আমাদের কোনো স্বাধীনতা নেই। হয় কাজ করতে হবে, নয়তো খাবার জুটবে না।

ছেলের এমন জীবন চাননি আহমেদের মা। তার ইচ্ছা ছিল, ছেলের পড়াশোনা যেন বন্ধ না হয়।

আহমেদের মা বলেন, ‘আমি চাই না ও কাজ করুক। চেয়েছিলাম পড়াশোনা চালিয়ে যাক। ও খুব ভালো ছাত্র, ক্লাসের সেরাদের একজন। কিন্তু ওর ভাইবোনরা এখনো ছোট। তাদের খরচ চালাতে ও আমাদের সাহায্য করছে।’

আহমেদের মতো গাজার আরও বহু শিশু এখন পরিবারের প্রয়োজনে শিশুশ্রমে যুক্ত হচ্ছে। কেউ ধ্বংসস্তূপ থেকে নির্মাণসামগ্রী সংগ্রহ করছে, কেউ পানি বহন করছে। কেউ কেউ জড়াচ্ছে আরও কঠিন কাজে।

ইউনিসেফের হিসাবে, গাজায় প্রায় ৮ লাখ বাস্তুচ্যুত শিশু মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। তাদের অনেকেই তাঁবু বা ক্ষতিগ্রস্ত ভবনে আশ্রয় নিয়েছে। নেই প্রয়োজনীয় মৌলিক সেবার পর্যাপ্ত সুযোগ।