কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কুয়েতের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরানের ছোঁড়া ড্রোন প্রতিহত করার পর ধ্বংসাবশেষ পড়ে প্রথমে ৪ জন আহত হন।

পরে চিকিৎসাধীন অবস্থায় ২জনের মৃত্যু হয় বলে জানিয়েছে ইতালির বার্তা সংস্থা এএনএসএ।

এছাড়া এ হামলার ঘটনায় একজন কুয়েতি ও একজন পাকিস্তানি নাগরিক আহত হন বলে জানায় কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে, ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনী।

বাহিনীর মুখপাত্র সরদার শেখরচি জানান, কুয়েতে তারা কোনো হামলা বা অভিযান চালায়নি। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অতীতেও মিথ্যা হামলার ঘটনা সাজিয়ে আঞ্চলিক অস্থিরতা তৈরির চেষ্টা করেছে। সেই ধারাবাহিকতায় ইরানের বিরুদ্ধে এ অভিযোগ তোলা হচ্ছে বলে জানায় শেখরচি।

উপসাগরীয় অঞ্চলের ছোট দেশ হলেও কুয়েতে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি রয়েছে। ইরানের হামলার অন্যতম লক্ষ্য এসব ঘাঁটি ও সামরিক স্থাপনা।