জয়পুরহাটে আমেরিকার তৈরি একটি বিদেশি পিস্তল, গুলি ও পাঁচটি মোবাইল ফোনসহ শীর্ষ সন্ত্রাসী রনজু সরকার ওরফে রনজুকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজিসহ ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গতকাল বৃহস্পতিবার রাতে জয়পুরহাট সদর উপজেলার দাদরা দুধিয়াপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রনজু ওই এলাকার মিন্টু সরকারের ছেলে।

এসআরবি-৫, সিপিসি-৩ (জয়পুরহাট) ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রনজুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি, একটি গুলির খোসা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, রনজু এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ডাকাতি, অপহরণ ও চাঁদাবাজি, দ্রুত বিচার আইন, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে মোট ১৩টি মামলা রয়েছে।

অভিযান শেষে গ্রেপ্তার রনজু ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।