যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। টানা তৃতীয় রাতের মতো চালানো বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলের হামলার জবাব দিতে ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনার ঘোষণা দিয়েছে হামাস।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। মঙ্গলবারের পর থেকে ইসরায়েলি অভিযানে নিহত হামাসের তৃতীয় জ্যেষ্ঠ কর্মকর্তা তিনি। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের আরও দুই শীর্ষ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে হামাসপ্রধান খলিল আল-হাইয়া ইসরায়েলের ধারাবাহিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, যুদ্ধবিরতি চুক্তির আওতায় একদিকে হত্যা, অন্যদিকে অবরোধ এই ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। ইসরায়েলের চুক্তি লঙ্ঘন এবং প্রতিদিন হত্যাকাণ্ড চালানোর বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে পাল্টা জবাবের ধরন বা সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এদিকে গাজায় হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখতে না পারায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’ এবং যুদ্ধবিরতির নিশ্চয়তাদানকারী পক্ষগুলোর সমালোচনা করেছেন হামাসপ্রধান। তার অভিযোগ, ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে এসব পক্ষের নীরবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। খালেদ আবু নাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হামাস বলেছে, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলের একটি গুরুতর অপরাধ।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের সদস্য ও শীর্ষ নেতাদের লক্ষ্য করে পরিচালিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই সর্বশেষ হামলা চালানো হয়েছে। গত এক মাসে ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রায় ৮০ জন হামাস যোদ্ধা নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। নেতানিয়াহুর ভাষায়, হামাসের কোনো নেতা বা সদস্যই ইসরায়েলি বাহিনীর নাগালের বাইরে নন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, নিহত খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনার পাশাপাশি সংগঠনটির সশস্ত্র কার্যক্রমে অর্থায়নের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে ইসরায়েল।