গাইবান্ধার সুন্দরগঞ্জে নিজ বাড়ি থেকে লিয়ন মিয়া (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার রামগঞ্জ বাজার ডাকঘর এলাকার দক্ষিণ হুড়াভায়াখাঁ গ্রামে এ ঘটনা ঘটে।

লিয়ন ওই গ্রামের সাদা ব্যাপারী ও মনোয়ারা বেগমের ছেলে। সে অবিবাহিত ছিল এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, লিয়ন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রংপুরে তার চিকিৎসা চলছিল। শুক্রবার বিকেলে পরিবারের লোকজন বাড়ির পূর্বদুয়ারী টিনশেড ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা থানায় খবর দেন।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার এসআই সুশীল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মরদেহ উদ্ধার করেন।

এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী ও প্রতিবেশীরা জানান, লিয়ন শান্ত স্বভাবের ছিল।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত করা হচ্ছে।