দেশের প্রথম এবং তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাবের আধুনিক হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আগে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান সভাপতিত্বে দপ্তর সম্পাদক মো. এনামুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

এ-সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস, এবং বর্তমান কার্যকরী কমিটিসহ-বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা, মাটির প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসাই এই বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে আলোড়িত করেছে।

দেশের এই ক্রান্তিলগ্নে যখন তার অভিভাবকত্ব সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, ঠিক সেই সময় তার চলে যাওয়ায় মানুষ সবচেয়ে বেশি মর্মাহত হয়েছে। সে কারণেই দেশনেত্রীর নামাজে জানাজায় তার আত্মার মাগফিরাত কামনায় মানুষ সমবেত হয়েছে এবং চোখের পানি ফেলেছে।

বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী।