আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য জুলাই সনদের ওপর গণভোটকে সামনে রেখে মাগুরায় নিরাপত্তা, শৃঙ্খলা ও সুষ্ঠু ভোটগ্রহণ প্রস্তুতি নিশ্চিতে মাঠপর্যায়ের কঠোর তদারকি শুরু করেছে নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তার একটি দল।
তদারকি কার্যক্রমের এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নের মোট ৫৮টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন উক্ত দল। দলের নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নির্বাচন কেন্দ্র পরিদর্শনকালে জানিয়ে দেযা হয়, নির্বাচনে কোনো ধরনের শৈথিল্য, অনিয়ম কিংবা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হবে না।
টানা এই পরিদর্শনে ৫৮টি কেন্দ্রের ৩১৬টি ভোটকক্ষ ঘুরে দেখেন তিনি।প্রশাসন ও জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, কেন্দ্রভিত্তিক নিরাপত্তা বলয়, নারী ও প্রতিবন্ধীবান্ধব বুথ, বিদ্যুৎ ও ব্যাকআপ বিদ্যুৎ ব্যবস্থা, ভোটগ্রহণ সংশ্লিষ্ট জনবলের চূড়ান্তকরণসহ সব প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন হয়েছে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, শ্রীপুর উপজেলার আট ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ৬২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮,৮১০ জন এবং নারী ভোটার ৭৮,৮১৪ জন। নির্বিঘ্নে ভোটাধিকার নিশ্চিত করতে পৃথক নিরাপত্তা ব্যবস্থাপনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনের সময় পরিদর্শক দল প্রবেশ ও বাহির পথ, ভোটার লাইনের শৃঙ্খলা, নিরাপত্তা অবস্থান, সিসি ক্যামেরা মনিটরিং, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ পয়েন্টসহ বিভিন্ন বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে কর্মকর্তারা বলেন, “দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে তাৎক্ষণিক প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন,“জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হচ্ছে , এটি অত্যন্ত সংবেদনশীল দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাঠে রয়েছে।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনী সমন্বয়ে স্থরভিত্তিক নিরাপত্তা বলয় করা হয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী।
জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ বলেন,“ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই আমাদের লক্ষ্য।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের দিনেই “জুলাই সনদ” প্রশ্নের ওপর গণভোট অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি জাতির উদ্দেশে ভাষণে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোটাররা একটি প্রশ্নের মাধ্যমে চারটি বিষয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ মতামত প্রদান করবেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরা সেনা ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। জেলার মোট ৩০১ টিকে ভোটকেন্দ্র পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। মোট ভোট কেন্দ্রের মধ্যে ৫০ টিকে ঝুকিপূর্ণ হিসেবে চিহৃিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।