কথা নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থা প্রমাণ করবো- প্রিন্স

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট প্রতিনিধি(ময়মনসিংহ) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ
কথা নয়, কাজের মাধ্যমে আপনাদের আস্থা প্রমাণ করবো- প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর মুখে হাসি ফুটলে বাংলাদেশ হাসবে। দেশের কৃষক, শ্রমিক, জেলে, দিনমজুর, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অবহেলিত মানুষের অধিকার নিশ্চিত ও তাদের দুঃখ মোচন করাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য।

তিনি আজ (৫ ফেব্রুয়ারী) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের গাজীপুর, সন্ধ্যায় নড়াইল ইউনিয়নের বড়ইতলা ও আলী শাহ বাজার, রাতে পৌরসভার বেপারীপাড়া ও নতুন বাসস্ট্যান্ড এবং ধারা ইউনিয়নের মাঝিয়াইলে পৃথক পৃথক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন।

এসব সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী বলেন, দীর্ঘদিন ধরে হালুয়াঘাট ও ধোবাউড়ার মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। ভাঙাচোরা সড়ক, সীমান্ত এলাকার সমস্যা, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া এবং কর্মসংস্থানের অভাব এই অঞ্চলের মানুষের নিত্যদিনের কষ্ট। বিএনপি ক্ষমতায় এলে এসব সমস্যার স্থায়ী সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ধানের শীষ প্রতীকে ভোট মানে ন্যায়বিচার, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পক্ষে ভোট। হালুয়াঘাট-ধোবাউড়ার মানুষ যদি আমাকে নির্বাচিত করেন, তবে আমি সংসদে এই এলাকার কণ্ঠস্বর হয়ে দাঁড়াবো এবং কথা নয়। কাজের মাধ্যমে আপনাদের আস্থা প্রমাণ করবো। জনগণকে তাঁদের ভাগ্য পরিবর্তনের জন্যই ধানের শীষে ভোট দেয়ার আহ্বান সমাবেশগুলোতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Ads