সৈয়দপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
সৈয়দপুরে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

নীলফামারীর সৈয়দপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিশ্বনাথ মোহন্ত (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় শহরের মুন্সিপাড়া এলাকার সৈয়দপুর মহিলা কলেজ সংলগ্ন একটি দোকানে ধর্ষণের চেষ্টা করায় ওই বৃদ্ধকে আটক করা হয়। আটককৃত বৃদ্ধ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা হলেও তিনি দীর্ঘদিন ধরে সৈয়দপুরের মুন্সিপাড়া এলাকায় বসবাস করে আসছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অষ্টম শ্রেণির ওই ছাত্রী সন্ধ্যায় বাড়ির পাশে একটি দোকানে খেলনা ও স্টিকার কিনতে গেলে অভিযুক্ত বৃদ্ধ তাকে দোকানের ভেতরে ডেকে নেন। সেখানে তাকে খেলনা ও স্টিকার দেয়ার কথা বলে অশালীন আচরণ ও ধর্ষনের চেষ্টা চালায়। ওই সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থল গিয়ে দোকানদার বিশ্বনাথ মোহন্তকে আটক করেন।

পরে স্হানীয় থানার ৯৯৯-এ ফোন দিলে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এরপরপরই ছাত্রীটির বাবা নাসিম উদ্দিন বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন। তিনি বলেন,আমার মেয়ের সাথে যে ঘটনা ঘটেছে, তার সুষ্ঠু বিচার চাই। দোষীর বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা খান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। মামলার তদন্ত চলছে এবং তাকে ১৭ মে সকালে নীলফামারীর আদালতে সোপর্দের পর জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।

Ads