কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে চরম উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধে চরম উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

গাজীপুরের কালিয়াকৈরে জমি নিয়ে বিরোধের জেরে দুই পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শনিবার দুপুরেও প্রতিবেশীদের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। আর আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্মাণ কাজ করা হচ্ছে না বলে দাবি অভিযুক্ত প্রতিবেশীদের। তবে এই জমি নিয়ে বিরোধের জেরে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।

এলাকাবাসী, দুই পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ফুলবাড়িয়া পূর্বপাড়া এলাকার আঃ আলিম গং স্থানীয় মোথাজুরী মৌজায় ৯ শতাংশ জমি ভোগ দখলে রেখে স্থাপনা নির্মাণের পর বসবাস করে আসছেন। কিন্তু অজ্ঞাতনামা ব্যক্তিদের যোগসাজশে ও মদদে ওই জমি নিজেদের দাবি করেন প্রতিবেশী গিয়াস উদ্দিন গংরা।

দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে বিরোধ চলে আসলে গ্রাম্য শালিসে মিমাংসা দিতে ব্যর্থ হন এলাকাবাসী। গত ৬ জুলাই সকালে ওই জমি নিজেদের দাবি করে স্থাপনা নির্মাণ শুরু করেন গিয়াস উদ্দিন। একে বাধা দিতে গেলে দুই পরিবারের মধ্যে বাগবিতণ্ডাসহ চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনার পর আঃ আলীম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এছাড়াও দুই পরিবারের এমন উত্তেজনার মধ্যে ওই জমির ওপর ১৪৫ ধারা জারি করেন আদালত। তারপরও প্রতিবেশী গিয়াস উদ্দিন গংদের বিরুদ্ধে শনিবার দুপুরেও আদালতের নির্দেশ অমান্য করে সেখানে স্থাপনা নির্মাণ কাজ চলমান রাখার অভিযোগ আলিম গংদের। বর্তমানে ওই জমি নিয়ে বিরোধের জেরে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন এলাকাবাসী।

ভুক্তভোগী আঃ আলীম ও তার পরিবারের সদস্যরা জানান, আমাদের জমি নিজেদের দাবি করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণ করছেন গিয়াস উদ্দিন গংরা। এতে বাধা দিতে গেলে তারা মারধরসহ নানা ধরনের হুমকি দেয়। এছাড়াও তারা সরকারী রাস্তা জবর দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের পর বসবাস করে আসছেন। সেসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক যোগাযোগ সুন্দর করার দাবিও জানিয়েছেন তারা।

অভিযুক্ত গিয়াস উদ্দিন ও তার ভাই আফজাল হোসেনসহ তাদের পরিবারের সদস্যরা জানান, আমরা পুরাতন ঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ করছি। কিন্তু আমাদের জমি ও আলিম গংদের জমির আরএস দাগই আলাদা। তারা তাদের জমি ভোগ দখলে থাকার পরেও অন্যের প্ররোচনায় আমাদের জমি দখলের চেষ্টা করছেন। তবে আদালতের নির্দেশে আমরা নির্মাণ কাজ বন্ধ রেখেছি।

কালিয়াকৈর থানাধীন ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামাল উদ্দিন জানান, আদালতের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কেউ আদালতের নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Ads