আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১০:৫১ অপরাহ্ণ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ নেই: কুষ্টিয়ায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো কারণ বর্তমান সরকারের নেই। তিনি বলেন, “বর্তমান সরকার যখন সরকারে ছিল না, তখন আওয়ামী লীগের দ্বারা আমাদের দল যে পরিমাণ নির্যাতিত হয়েছে এবং দেশকে উদ্ধার করতে যে ত্যাগ স্বীকার করেছে, সেখানে আওয়ামী লীগের জন্য নমনীয় হওয়ার কোনো কারণ নেই।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি। সে অনুযায়ী আমাদের যা করণীয়, আমরা তাই করব। আওয়ামী লীগের প্রতি নমনীয় আচরণ করা হয়েছে বলে যারা দাবি করছেন, তারা কেন এমন মন্তব্য করেছেন, সেই প্রশ্ন তাদের কাছেই করা উচিত।

ভারত থেকে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনের উদ্যোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গত পরশু ভারত থেকে একটি প্রেস কনফারেন্সের চেষ্টা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত শক্ত অবস্থান আগে কোনো সরকার নেয়নি।

দেশের বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি সতর্কতা জারির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, “এর পেছনে অন্য কোনো কারণ নেই। এটি সম্পূর্ণ নিয়মিত বা রুটিন কার্যক্রমের অংশ।

পদ্মার চরাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, চরকেন্দ্রিক বিভিন্ন অপরাধ দীর্ঘদিনের সমস্যা। সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রেখে কাজ করছে। চরাঞ্চলের উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে অপরাধপ্রবণতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “এটি বহু বছরের একটি ক্রাইম জোন। আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি, তবে আমরা আশাবাদী, শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপি নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ স্থানীয় নেতারা।

Ads