কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ ডিবির জালে ধরা

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ ডিবির জালে ধরা

কম্পিউটারে জাল নোট তৈরির অভিযোগ, ৪৭ হাজার টাকার জাল নোটসহ ডিবির জালে ধরা পড়েছে এক ব্যক্তি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সোয়া তিনটার দিকে পয়না বাজারের ‘মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম’ নামের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম তরিকুল ইসলাম মল্লিক(৩৮)।

জানা গেছে, নওগাঁ সদর উপজেলার ভীমপুর ইউনিয়নের পয়না বাজারে কম্পিউটার ও প্রিন্টারের মাধ্যমে জাল টাকা তৈরির অভিযোগে তরিকুল ইসলাম মল্লিক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল টাকার নোট, একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়েছে।

জেলার সদর থানার পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছিল। এ সময় গোপন খবরের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, পয়না বাজারের একটি দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।

খবর পেয়ে ডিবির অভিযানিক দল ওই দোকানে দ্রুত এক সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। সেখানে উপস্থিত লোকজনের সামনে তারিকুল ইসলাম মল্লিকের দেহ তল্লাশি করে তার হেফাজত থেকে এক হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট উদ্ধার করা হয়। অভিযানকালে দোকানে থাকা একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করে পুলিশ।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় তারিকুল ইসলাম মল্লিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। জাল নোট তৈরির সাথে আরও কেউ জড়িত আছে কি না এবং এর মাধ্যমে জাল নোট বাজারে ছড়ানো হয়েছে কি না, তাও জোরালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।

 

Ads