​পীরগঞ্জে ভেজাল সার কারখানায় প্রশাসনের হানা: সার তৈরীর উপকরণ জব্দ

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
​পীরগঞ্জে ভেজাল সার কারখানায় প্রশাসনের হানা: সার তৈরীর উপকরণ জব্দ

রংপুরের পীরগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে একটি ভেজাল সার তৈরির কারখানায় হানা দিয়েছে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ সময় কারখানাটি থেকে ভেজাল সার তৈরিতে ব্যবহৃত ১ হাজার ১’শ ২৭ বস্তা বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার রামনাথপুর ইউনিয়নের কালশারডারায় মেসার্স মোখলেছুর রহমান ট্রেডার্সে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী’র নেতৃত্বে সহারি পুলিশ সুপার ডি-সার্কেল রাসেল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমদ, ওসি তদন্ত তাজুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান, মেসার্স মোখলেছুর রহমান ট্রেডার্সে গালামাল ও কীটানাশক ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল টিএসপি, ডিএপি, পটাশ ও জিপসাম সার তৈরি ও বিভিন্ন নামীদামী কোম্পানীর আকর্ষণীয় মোড়কে বিভিন্ন জেলায় বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ (শনিবার) বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের খবর পেয়ে কারখানার সঙ্গে জড়িত মোখলেছুর রহমান ও তার ছেলে মাইদুল ইসলাম বাবুসহ অন্যান্যরা পালিয়ে গেলে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তল্লাশী চালিয়ে সেখান থেকে ১ হাজার ১’শ ২৭ বস্তা ভেজাল সার তৈরির উপাদান, খালি বস্তা, বিভিন্ন কোম্পানীর খালী মোড়ক জব্দ করা হয়। পরে ভেজাল সার তৈরীর কাজে ব্যবহৃত ইটের গুড়া, মাটি, ডলোমাইট চুন, ডিমের খোসা, পাথুরী চুন, ম্যাগনেসিয়াম সদৃশ্য উপাদানসহ ১৭ ধরনের উপকরণ পরিক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমদ জানান, জব্দকৃত উপকরণ দেখে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এ গুলো ব্যবহার করে ভেজাল সার তৈরী করা হয়। পরিক্ষার ফলাফল পাওয়া গেলে বোঝা যাবে এগুলো আসল নাকি ভেজাল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত উপকরণ রামনাথপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ফজলুল হক এর জিম্মায় দেয়া হয়েছে।

সহকারি পুলিশ সুপার রাসেল রানা বলেন, শুক্রবার রাতে কালশারডারা বাজার থেকে ৩/৪’শ মিটার দুরে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি ইট ভাটায় উপজেলা প্রশাসন অভিযান চালালে মুল হোতা মাইদুল ইসলাম বাবুসহ তার প্রতিষ্ঠান গুলোতে খোঁজ-খবর চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়ার পর আজ (শনিবার) এই অভিযান পরিচালনায় আমরা সার্বিক সহযোগিতা করি।

Ads