জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ শাহজাহান কবির লেলিন, জলঢাকা প্রতিনিধি (নীলফামারী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
জলঢাকায় নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নীলফামারীর জলঢাকায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধী সমাজের প্রতিনিধিদের সাথে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীরের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে সভায় নবাগত জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

​তিনি মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেন। এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং জলঢাকার মানুষের জীবনমান উন্নয়নে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদের হোসেন, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নন্দা সেন গুপ্ত এবং পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ।

​সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Ads