নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:১৪ অপরাহ্ণ
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড

নাটোরের নলডাঙ্গা রেলস্টেশন এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে মোঃ রাসেল (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল উপজেলার বামনগ্রাম এলাকার মোঃ মতিউর রহমানের ছেলে।

নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এএসআই মোঃ রুবেল আক্তার। এ সময় থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসেন জানান, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Ads