খুলনায় তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকায় গ্রেপ্তার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
খুলনায় তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক শেখ ঢাকায় গ্রেপ্তার

খুলনা মহানগরীর তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) ঢাকায় গ্রেপ্তার করেছে এসআরবি-৬ গতকাল মঙ্গলবার ০৩ নভেম্বর রাতে ঢাকা মহানগরীর পল্লবী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত ৭টা ৫০ মিনিটে এসআরবি-৬, সিপিএসসি ও এসআরবি-৪, সিপিএসসির যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন ব্লক-ই, সেকশন-১২, রোড নম্বর ৮/৭৭ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনার খালিশপুর থানাধীন রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার শেখ ইদ্রিস আলীর ছেলে ফায়েক শেখকে গ্রেপ্তার করা হয়। তিনি হুমায়ুন কবির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হুমায়ুন কবির খুলনা মহানগর তাঁতিদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গত ০১ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান হিল ক্যান্টিন নামের ফাস্টফুডের দোকানে বসে ছিলেন তিনি।

এ সময় পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ মামলার অন্যান্য আসামিরা ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনার আড়ংঘাটা থানায় ফায়েক শেখসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি-৬ জানিয়েছে, গ্রেপ্তার ফায়েক শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে।

Ads